মাঠ নিয়ে বার্সার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রি কিক নেওয়ার পরপরই ধপাস! মাঠে পিছলে গিয়ে ভারসাম্য ধরে রাখতে না পেরে পড়েই গেলেন লিওনেল মেসি। বিস্মিত আর্জেন্টাইন ফরোয়ার্ড চোখ বড় বড় করে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। কিন্তু এভাবে মাঠে খেলোয়াড়দের পিছলে পড়ার ঘটনা বেশ কয়েকবারই ঘটল। বার্সেলোনার খেলোয়াড়েরা এমন মাঠে খেলতে অনভ্যস্ত বলে তাঁদেরই মূল্য দিতে হলো বেশি। পরশু ম্যাচে সান সিরোর মাঠ নিয়ে ভাষ্যকারেরাও ছিলেন সমালোচনামুখর। সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলাও মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। পরে এ নিয়ে উয়েফার কাছেও অভিযোগ করেছে বার্সেলোনা। ম্যাচে একটি পরিষ্কার পেনাল্টিও পায়নি বার্সা। যদিও ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, রেফারি দেখতে পাননি বলেই পেনাল্টি দেননি। এ নিয়ে তিনি আর কোনো কথা বাড়াননি। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম সুইডিশ রেফারি হোনাস এরিকসনের ওপর ক্ষোভ ঝেড়েছে। কাতালান ক্রীড়া দৈনিক স্পোর্ত প্রথম পাতায় ছেপেছে সানচেজকে করা মিলান গোলরক্ষকের ফাউলের ছবিটি। এর পর জুড়ে দিয়েছে একটা প্রশ্ন: ‘আর এই পেনাল্টির ব্যাপারে কী বলবেন?’ একই প্রশ্ন তুলেছে এএস আর এল মুন্ডো দেপোর্তিভো। তবে দেপোর্তিভোর দাবি, রেফারি পেনাল্টি দেননি দুটি, ‘বেশ কয়েকটি পেনাল্টির ব্যাপারে রেফারি চোখ বন্ধ করে রেখেছিলেন। প্রথমটির শিকার অ্যালেক্সিস, দ্বিতীয়টির পুয়োল।’ওদিকে বায়ার্নও প্রশ্ন তুলেছে রেফারি নিয়ে। বায়ার্নের পাঁচ খেলোয়াড় এদিন হলুদ কার্ড দেখেছেন। এর মধ্যে বাস্তিয়ান শোয়েনস্টেইগার ইচ্ছা করেই কার্ড দেখেছেন বলে অভিযোগ উঠেছে। এতে ফিরতি লিগ খেলা না হলেও সেমিফাইনাল খেলতে বাধা থাকল না। বায়ার্ন তো সেমিতে এক পা দিয়েই রেখেছে। কিন্তু লাম, ক্রুস,আলবা, টিমোসুক, বোয়াটেং ও মুলাররা আর একটি কার্ড দেখলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন, যেটি সেমিফাইনাল বা ফাইনালে বায়ার্নের জন্য সমস্যা তৈরি করতে পারে।বায়ার্ন অবশ্য এখনই সেমিফাইনাল বা ফাইনাল নিয়ে না ভাবলেও সমর্থকেরা শেষ চারের সম্ভাব্য প্রতিপক্ষ বার্সেলোনাকে নিয়ে হিসাব-নিকাশ শুরু করে দিয়েছে। কিন্তু বায়ার্ন কোচ ইয়াপ হেইঙ্কস বলছেন, এখনও মার্শেইয়ের যথেষ্ট সুযোগ আছে ফিরে আসার। আর তাই আপাতত তাঁর ভাবনায় ফিরতি লেগটাই, ‘ফিরতি লেগই বেশি গুরুত্বপূর্ণ। মার্শেইয়ের বিপক্ষে এখনো আমাদের আরও ৯০ মিনিট বাকি। সম্ভাব্য প্রতিপক্ষের কথা বাদই দিন, শেষ চার নিয়ে এখনই আমরা কথা বলতে পারি না। এমন নয় যে দলের সম্ভাবনা নিয়ে আমার সংশয় আছে। কিন্তু প্রশ্নটা প্রতিপক্ষকে সম্মান দেখানোর। ফুটবলে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের। ভালো করেই জানি, শেষ পর্যন্ত দুটো লেগ মিলেই নির্ধারিত হয় ফল।’ এএফপি ও রয়টার্স।