মাঠ মাতাচ্ছেন মেসির ভাইও
শুধু বার্সেলোনা নয়, ‘মেসি’ খেলেন ভিতোরিয়াতেও! সমর্থকেরা এরই মধ্যে তাঁকে ডাকতে শুরু করেছেন ‘এল প্রিমো ডে মেসি’ নামে, যার বাংলা করলে দাঁড়ায় ‘মেসির খালাতো ভাই’। খালাতো ভাই বলেই নামের শেষে বংশপদবি হিসেবে ‘মেসি’ পাননি। তবে ফুটবলটা যে তাঁর রক্তেও ভালোভাবেই মিশে আছে, সেটাই যেন প্রমাণ করে চলেছেন ম্যাক্সি বিয়ানকুচ্চি। ব্রাজিলিয়ান লিগে এবার শুরু থেকেই মাঠ মাতাচ্ছেন এই স্ট্রাইকার। চার ম্যাচে করেছেন চার গোল।বয়সে মেসির চেয়ে তিন বছরের বড়; মানের দিক দিয়ে মেসিই হয়তো বড় মাপের। কিন্তু তার পরও ‘মেসির ভাই’ পরিচয়ে পরিচিত হতে তাঁর বোধ হয় ভালো লাগে না। এবার তাঁর দুর্দান্ত ফর্ম দেখে অনেকেই যখন তাঁকে মেসির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন, এই ২৮ বছর বয়সী স্পষ্টই জানিয়ে দিলেন, ‘আমি মেসির মতো নই।’বিয়ানকুচ্চি সম্প্রতি আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান লিগ ‘সিরি আ’তে দুর্দান্ত এক গোল করে। তিনি নিজে আর্জেন্টাইন হলেও এরই মধ্যে ব্রাজিলে অনেক ভক্ত বানিয়ে ফেলেছেন। কিন্তু কানের কাছে ‘মেসি’ ‘মেসি’ শুনতে শুনতে যেন তিনি ক্লান্ত, ‘মেসিকে নিয়ে আমার কিছুই করার নেই। আমি আমার কাজটা করছি, আর সে করছে তারটা।’ মেসির আগেই পেশাদারি ফুটবল অঙ্গনে পা রেখেছিলেন ম্যাক্সি বিয়ানকুচ্চি। ২০০১ সালে আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জো থেকে শুরু হয়েছিল তাঁর ফুটবল ক্যারিয়ার। এরপর ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেছেন প্যারাগুয়ের ভিন্ন পাঁচটি ক্লাবে। ২০০৭ সালে যোগ দিয়েছিলেন ব্রাজিলের শীর্ষ সারির ক্লাব ফ্ল্যামেঙ্গোতে। খেলেছেন মেক্সিকোর একটি ক্লাবেও। বিয়ানকুচ্চির আরেক ভাই ইমানুয়েল বিয়ানকুচ্চিও ফুটবলার; খেলেন স্পেনের দ্বিতীয় বিভাগের দল জিরোনায়।