মাঠ-সংকটে একটু আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিনের হাতের বলটি বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ব্রাজুকা’। কাল বাফুফে সভাপতির হাতে সেটি তুলে দিলেন ফিফার উন্নয়ন কর্মকর্তা সাজি প্রভাকরণ । সৌজন্য ছবি
কাজী সালাউদ্দিনের হাতের বলটি বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ব্রাজুকা’। কাল বাফুফে সভাপতির হাতে সেটি তুলে দিলেন ফিফার উন্নয়ন কর্মকর্তা সাজি প্রভাকরণ । সৌজন্য ছবি

কমলাপুর স্টেডিয়ামের মাঠ একসময় ছিল এবড়ো-খেবড়ো। সবুজ ঘাস লাগানোর পর সেটি কিছুটা খেলার উপযোগী হয়ে ওঠে। তার পরও এই মাঠে আয়োজন করা যাচ্ছে না প্রিমিয়ার ফুটবল লিগ। বড় দলগুলোর এখানে খেলতে ঘোর আপত্তি। যত্নের অভাব, খারাপ পরিবেশ, মাঠ ছোট, ড্রেসিং রুমের দুরবস্থা—সমস্যার শেষ নেই।
কমলাপুর স্টেডিয়ামের রুগ্ণ অবস্থার কারণে অতীতে বর্ষপঞ্জি ঠিক রাখতে পারেনি বাফুফে। সাম্প্রতিক সময়েও অবস্থা একই। সবেধন নীলমণি বঙ্গবন্ধু স্টেডিয়ামই এখনো ঘরোয়া ফুটবল আয়োজনের জন্য হাতের পাঁচ হয়ে আছে। কিন্তু নানা কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা বন্ধ থাকে প্রায়ই। সেই অনিশ্চিত অবস্থা থেকে অবশেষে মুক্তির প্রহর গোনা শুরু করে দিতে পারে ফুটবল।
কমলাপুর স্টেডিয়ামে এ বছরই বসছে ফিফার দেওয়া কৃত্রিম টার্ফ। এরই মধ্যে ফিফার চূড়ান্ত অনুদানপত্রও হাতে এসেছে বাফুফের। কাল তো ফিফার উন্নয়ন কর্মকর্তা সাজি প্রভাকরন বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ঘোষণাই দিয়ে দিলেন, ‘টার্ফ বসানোর কাজের দরপত্র আহ্বান করা হচ্ছে। মাস দুয়েক সময় লাগবে এ জন্য। দরপত্র শেষে টার্ফ বসবে এবং আশা করছি এ বছরই কমলাপুরে উন্নত মানের টার্ফ বসে যাবে।’
বাংলাদেশের ফুটবলের জন্য এটা অনেক বড় সুসংবাদ। মাঠ নিয়ে প্রতিবছর টানাহেঁচড়ায় হাঁফিয়ে ওঠা বাফুফের জন্য বিশাল পরিত্রাণও। এটা ভেবেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খুব উৎফুল্ল। প্রতিশ্রুতির সুরে কাল জানিয়ে দিলেন, ‘টার্ফ বসলে আমরা কমলাপুরে প্রিমিয়ার লিগের খেলাও আয়োজন করব। তখন আর ঘরোয়া খেলা বন্ধ হবে না। সাবলীলভাবে আমরা সবকিছু এগিয়ে নিতে পারব।’
আন্তর্জাতিক ম্যাচও কমলাপুর স্টেডিয়ামে হওয়া সম্ভব বলে সার্টিফিকেট পাওয়া গেল প্রভাকরনের কাছ থেকে। বাফুফের কর্মকর্তাদের নিয়ে কাল কমলাপুর স্টেডিয়াম দেখে বেশ খুশি এই ভারতীয়, ‘একটা মাঠের আদর্শ আন্তর্জাতিক মাপ হওয়া উচিত ১০৫ বাই ৬৮ মিটার। কমলাপুরে এই মাপের চেয়ে একটু বেশিই আছে।’
সবচেয়ে বড় সুবিধা, সারা বছরই খেলা আয়োজন সম্ভব। তখন আর ‘মাঠ খারাপ’ সমস্যাকে বড় করে দেখাতে পারবে না ক্লাব। অভিজ্ঞ গোলরক্ষক আমিনুল হক যেমন বলছেন, ‘কমলাপুরে টার্ফ বসলে বর্ষায়ও খেলা হতে পারে। তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর চাপ কমবে। ঘরোয়া ফুটবল বারবার বন্ধ হবে না। ফুটবলের জন্য এটা বিশাল প্রাপ্তি।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক একটা দাবিও জানিয়ে রাখছেন এই সুযোগে, ‘টার্ফ বসালেই শুধু হবে না। এটির রক্ষণাবেক্ষণও বড় ব্যাপার। সেদিকে নজর দিয়ে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিতে হবে।’
আরেক অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের অভিন্ন অভিমত, ‘এখন ফুটবল বিশ্বে টার্ফের প্রসার হচ্ছে। এতে খেলাটা আরও দ্রুতগতির হয়। সম্প্রতি আইএফএ শিল্ডে শেখ জামালের খেলা ভালো হওয়ার অন্যতম কারণ টার্ফ। স্কিল, স্ট্যামিনা ও ফিটনেস যাদের আছে, তারা এখানে ভালো করবে। পেশির জন্য ভালো হবে। পাওয়ার আসবে। সামগ্রিকভাবে ফুটবলের জন্য এটা ইতিবাচক।’
কমলাপুরে টার্ফ বসলে ফিফা গোল-প্রকল্পের পরবর্তী ধাপে যেতে পারবে বাংলাদেশ। নিতে পারবে আরেকটি টার্ফ। একটা শেষ করে আরেকটি টার্ফ নিতে অনেকটা সময় পার করে ফেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ফুটবলই।
তাই কাল বাফুফেকে ফিফার দেওয়া বিশ্বকাপের সাত হাজার ব্রাজুকা অ্যাডিডাস বল হস্তান্তরের অনুষ্ঠানটা দখল করে নিল টার্ফবিষয়ক আলোচনাই। যা শুনে নতুন আশার ঝিলিক জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামের কথায়, ‘জাতীয় দল অনুশীলনের জন্য স্থায়ী একটা মাঠ পাবে। সবচেয়ে বড় কথা, দুটো মাঠ পেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর অত্যাচার কমবে।’