কাগজে-কলমে তো আর খেলা হবে না। সেটা হলে বলে দেওয়াই যেত, চারবারের চ্যাম্পিয়ন ঘানা খেলতে যাচ্ছে ফাইনালে। কারণ তাদের কাছে র্যাঙ্কিংয়ের ৬৬ ধাপ পেছনে থাকা বুরকিনা ফাসোর পাত্তাই পাওয়ার কথা নয়। কিন্তু খেলাটা হবে মাঠে। আর সেই মাঠটাই হতে যাচ্ছে ঘানার বড় প্রতিপক্ষ! আফ্রিকান নেশনস কাপের দুটো সেমিফাইনালই আজ। যার একটিতে ঘানার প্রতিপক্ষ দ্বিতীয়বারের মতো নেশনস কাপের সেমিফাইনালে ওঠা বুরকিনা ফাসো। আরেকটিতে দুবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সামনে মালি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে যাদের সেরা স্মৃতি বলতে একবার রানার্সআপ। সেটাও ৪১ বছর আগের কথা, ১৯৭২ সালে।ঘানা-বুরকিনার ম্যাচটা হবে নেলসপ্রুটের মোম্বেলা স্টেডিয়ামে। মাঠ তো নয়, যেন বালুর ময়দান! ঘাস যাও একটু-আধটু ছিল, ভারী বৃষ্টিতে তাও নষ্ট হয়ে গেছে। বালুর মাঠে বল নিয়ন্ত্রণে নেওয়াটাই কঠিন। বুরকিনার চেয়েও তাই ঘানাইয়ানরা বেশি শঙ্কিত মাঠ নিয়ে। এই মাঠটাকেই বুরকিনা মনে করছে আশীর্বাদ! কারণ, তারা আগের চারটি ম্যাচই খেলেছে এই মাঠে। অন্যদিকে, ঘানা আগের চারটি ম্যাচই খেলেছে পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে। যেটা ছিল মসৃণ ঘাসের মাঠ, ঠিক যেন মখমল বিছানো। ফাইনালে যেতে হলে ঘানাকে তাই পেরোতে হবে বুরকিনা ফাসো আর মাঠ—দুটি বাধাই।ঘানার মতো নাইজেরিয়াও নামছে ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে। কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আইভরি কোস্টকে হারিয়ে এসেছে বলে তরুণ দলটির আত্মবিশ্বাসও তুঙ্গে। পরিসংখ্যানও নাইজেরিয়াকে জোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। নেশনস কাপে দুই দলের আগের চার বারের সাক্ষাতে তিনবারই জয়ী নাইজেরিয়া। অন্যটি ড্র। মালির জন্য আশার কথা, সেই ড্রটা তারা করেছিল সর্বশেষ সাক্ষাতেই। এএফপি।