মাঠকে দুষলেন দুঙ্গা

বিশ্বকাপে নিজেদের শেষ দুটি ম্যাচে ১০ গোল খেয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের পর দুটি ম্যাচে একটাও গোল খেতে হলো না। উন্নতিই তো।
লজ্জাজনক দুই হারে যেন মনোবলই ভেঙে পড়েছিল ব্রাজিল-সমর্থকদের। সেই তাদেরই সপ্তাহ খানেকের মধ্যে পরপর দুটি জয় উপহার দিল কার্লোস দুঙ্গার দল। এটাও মন্দ কী! তবে এর পরও ব্রাজিলিয়ান দৈনিক ও গ্লোবো লিখেছে, ‘এ কিছুতেই দীপ্তিময় ব্রাজিলের পারফরম্যান্স নয়!’ রিও ডি জেনিরোর দৈনিক ও দিয়া বলেছে, ‘গল্পটা তো একই রকমই থাকল। ব্রাজিলের শুধু একজন খেলোয়াড়ই আছে—নেইমার।’
কথাগুলো একেবারে ভুল নয়। কলম্বিয়ার বিপক্ষে আগের ম্যাচটি ব্রাজিলকে জিতিয়েছিলেন নেইমার। দুর্দান্ত ফ্রি-কিক থেকে সরাসরি গোল করে। পরশু ইকুয়েডরের বিপক্ষেও নেইমারই জেতালেন, তবে সরাসরি নয়। অস্কারের ফ্রি-কিক থেকে তাঁর বানিয়ে দেওয়া বলে ৩১ মিনিটে গোল করেন উইলিয়ান। দুটি প্রীতি ম্যাচেই জয় ন্যূনতম ব্যবধানে। কে না জানে সেলেসাওদের কাছে সমর্থকদের প্রত্যাশাটা যে এর চেয়ে অনেক বেশি!
দুঙ্গা অবশ্য এসব সমালোচনা নিয়ে এখনই মাথা ঘামাচ্ছেন না। বরং বিশ্বকাপের দুঃস্বপ্ন পেছনে ফেলে ব্রাজিল আবারও জয়ের ধারায় ফেরায় সন্তুষ্ট তিনি, ‘আমি তো নেতিবাচক কিছু দেখছি না। আমি অনেক ভালো দিক খুঁজে পেয়েছি এই ম্যাচ থেকে। সুতরাং ভালোটাই বলব। ছেলেরা পরপর দুটি ভালো দলের বিপক্ষে বেশ ভালো খেলেছে।’
গোল না পেলেও গোলের একেবারে কাছাকাছি বেশ কবারই গিয়েছিলেন ব্রাজিলের নতুন অধিনায়ক। ২২ মিনিটেই একবার সুযোগ পেয়ে বল মেরেছেন বাইরে। ২৮ মিনিটেও তাঁর একটা ফ্রি-কিক সামান্য ওপর দিয়ে বের হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেও খুবই কাছ থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের শট ফিরে আসে ক্রসবারে লেগে। কিন্তু নেইমার ছাড়া ব্রাজিলের আক্রমণভাগকে মোটেই ধারালো মনে হয়নি ম্যাচে। তার ওপর দুঙ্গা খেলেছেন একেবারে নিখাদ কোনো স্ট্রাইকার ছাড়া। ব্রাজিল কোচ অবশ্য দলের আক্রমণভাগকে না দুষে এর দায় চাপালেন মাঠের ওপর, ‘আমাদের ফরোয়ার্ডরা আজ খেলতে গিয়ে বেশ ভুগেছে। আমাদের গতিশীল স্ট্রাইকারদের জন্য মাঠটা আদর্শ ছিল না।’ পরে কোচের সঙ্গে সুর মিলিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসনও, ‘মাঠ খুব বাজে ছিল।’
বাজে মাঠের অজুহাত দিয়ে এ ম্যাচে না হয় পার পেয়ে গেলেন দুঙ্গা। তবে এ পারফরম্যান্স দিয়ে যে ১১ অক্টোবর বেইজিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ও বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনাকে হারানো সহজ হবে না, লিখেছে ও গ্লোবো। এএফপি, ফক্স স্পোর্টস।