মাঠে এমন কাণ্ড!
মাঠে আক্রান্ত গোলরক্ষকখেলাটা দারুণই হচ্ছিল। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ডার্বি ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডে এগিয়ে ছিল এক গোলে। ৭৭ মিনিটে দুর্দান্ত এক গোলে লিডসকে সমতায় ফেরান মাইকেল টঞ্জ। এরপরই গোল উদ্যাপনে মাঠে হুড়মুড় করে ঢুকে পড়ে লিডস-সমর্থকেরা। ঘটনা এখানেই শেষ হয়নি, একজন সমর্থক দৌড় দেন শেফিল্ড গোলরক্ষক ক্রিস কার্কল্যান্ডের দিকে। বিশ্বাস করুন আর নাই করুন, এরপর তিনি কার্কল্যান্ডকে ধাক্কা দিয়ে ফেলে দেন মাঠে! ঘটনায় আকস্মিকতায় হকচকিত পুলিশ অবশ্য পরে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনে। ম্যাচটাও ভালোয় ভালোয় ড্রতেই শেষ হয়। কিন্তু হামলাকারী সমর্থকের এমন নির্বুদ্ধিতায় ভীষণ চটেছেন লিডস কোচ নিল ওয়ারনক, ‘ যখন আমি তার মতো একটা গর্দভ দেখি, তখন লিডস ম্যানেজার হিসেবে আমি গর্বিত হতে পারি না। সে সবকিছুই পণ্ড করে দিয়েছে। এমনটা আগে কখনো আমি দেখিনি।’ ম্যাচ শেষে লিডস কোচ ও খেলোয়াড়েরা ঠিকই সমর্থকদের জন্য হাততালি দিয়েছেন। শেফিল্ড কোচ ডেভ ডেভ জোন্স সেটা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি, ‘আপনারা খেলার মাঠে বর্ণবাদ নিয়ে কথা বলেন, কিন্তু এ রকম হামলাও কিন্তু হয়। এরপর তাদের হাত নাড়ানো, এটা আসলে মেনে নেওয়া যায় না। এই সমর্থকদের শাস্তি পাওয়া উচিত। ’ এএফপি। সমর্থকদের হামলাক্লাব ইতিহাসে কখনো অবনমনের খাঁড়ায় পড়তে হয়নি ডায়নামো মস্কোকে। কিন্তু এবার সেই সম্মান ভূলুণ্ঠিত হওয়ার উপক্রম। এখন পর্যন্ত রাশিয়ান লিগে নয় খেলায় মোটে ১১ পয়েন্ট, তলানির মাত্র চার ধাপ ওপরে অবস্থান। এই সংকট নিয়ে সমর্থকেরা গত মাস থেকেই জানিয়ে আসছিল অসন্তোষ। দলের এই দুঃসময়ে সমর্থকেরা আর মাথা ঠিক রাখতে পারেনি। শুক্রবার দেখা গেল সেই ক্ষোভেরই বিস্ফোরণ। ক্লাবের অনুশীলনে ছদ্মবেশী সমর্থকেরা রাইফেল থেকে গুলি ছুড়েছে। না না, ঘাবড়ে যাবেন না, প্রাণসংহারী সিসার বুলেট নয়, রংভর্তি বুলেট। তার পরও ক্লাবেই এমন উটকো হামলা, তাও আবার নিজেদের সমর্থকেরাই। ক্লাব সভাপতি তাই খেপেছেন। এই নাছোড় সমর্থকদের শাস্তি দেওয়ারও ঘোষণা দিয়েছেন, ‘তারা গর্দভ। তাদের বর্ণনা করার মতো আর কোনো শব্দ আমার জানা নেই। আমি কথা দিচ্ছি যারা এটা করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার সব চেষ্টা আমি করব।’ শুধু এটাই নয়, খেলোয়াড়দের দুয়ো দিয়ে লিফলেটও বিতরণ করেছে সমর্থকেরা। ডায়নামো মিডফিল্ডার অ্যালান গাতাগভের স্বগোতক্তি, ‘আমাদের এখন কী করা উচিত? প্রত্যেকের কি নিজস্ব দেহরক্ষী নিয়োগ দেওয়া উচিত?’ রয়টার্স।