মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান সিরিজ
সম্পর্কের শীতলতা কাটতে শুরু করেছে। গলতে শুরু করেছে জমে থাকা বরফ। এ বছরই মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে আরাধ্য ভারত-পাকিস্তান সিরিজ।ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে আজ সোমবার প্রকাশিত এক খবরে জানা গেছে, এ বছরের ডিসেম্বরেই তিনটি ওয়ানডে ম্যাচের একটি সিরিজ খেলতে ভারত সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট দলকে ভারতের মাটিতে সিরিজ খেলতে আমন্ত্রণ জানানোর ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড নীতিগতভাবে একমত বলেও খবরে জানানো হয়। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর ভারত ও পাকিস্তানের মধ্যকার কোনো দ্বিপক্ষীয় সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজে মাঠে নামতে বেশ অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি, এ দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনায় পারস্পরিক ক্রীড়া সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সম্প্রতি, পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। কুয়ালালামপুরে আইসিসির বৈঠকের বিভিন্ন পর্যায়েও পিসিবি প্রধান জাকা আশরাফ বিসিসিআই-প্রধান এন শ্রীনিবাসনের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।পাকিস্তান ও ভারতের মধ্যকার ক্রিকেট সম্পর্কের বরফ গলতে শুরু করার ইঙ্গিত সম্প্রতি আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সিদ্ধান্তে। বিসিসিআই আগামী চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাকিস্তান থেকে একটি দল খেলার কথা আনুষ্ঠানিকভাবে জানায়। সে অনুযায়ী পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শিয়ালকোট স্ট্যালিয়নস এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে। বিশেষ একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে পিসিবির তরফ থেকে বিসিসিআইয়ের কাছে তিনটি প্রস্তাব ছিল। প্রথমটি হলো, ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর, দ্বিতীয়টি, পাকিস্তানের ‘হোম সিরিজ’গুলো ভারতে আয়োজন ও তৃতীয়টি পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথম দুটি প্রস্তাবে সাড়া না দিতেই তৃতীয় প্রস্তাবটি গ্রহণ করেছে বলে জানা গেছে।