মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা
ব্রাজিলের মাটিতে দল দুটির শেষ দেখা হয়েছিল ১৯৫০ বিশ্বকাপে। গ্রুপ পর্যায়ের সেই ম্যাচ ড্র হলেও সেবার বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে, আর স্পেন পেয়েছিল চতুর্থ স্থান। ৬০ বছর পরের গত বিশ্বকাপ এই দুটি দলের অবস্থান দেখল ঠিক উল্টো!আজ আবারও সেই ব্রাজিলেই দেখা হচ্ছে তাদের। আসরটা বিশ্বকাপ নয়, বিশ্বকাপের মহড়া। সেই মহড়ায় স্পেন, উরুগুয়ের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে নাইজেরিয়া আর তাহিতিও। কিন্তু সত্যটা হচ্ছে, আফ্রিকা আর ওশেনিয়া অঞ্চল থেকে আসা দল দুটিকে ঠিক ওই অর্থে ‘ফেবারিট’ বলা যাবে না। অ্যারেনা পারনামবুকো স্টেডিয়ামে আজ রাতে স্পেন-উরুগুয়ে ম্যাচটাই তাই এই গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। দুই দলের সামনেই সুযোগ এটিতে জিতে সেমিফাইনালের পথে একটু এগিয়ে যাওয়ার।ঠিক এই মুহূর্তের ফর্মটা যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলে স্পেনের চেয়ে অনেক পিছিয়ে রাখতে হবে উরুগুয়েকে। ২২ ম্যাচ ধরে অপরাজিত (১৭ জয়, ৫ ড্র) স্পেন। ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নরা শেষবার হারের স্বাদ পায় ২০১১ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। এমনকি উরুগুয়ের সঙ্গে এখনো পর্যন্ত খেলা নয় ম্যাচেই অপরাজিত স্পেন। তবে সব পরিসংখ্যান পক্ষে থাকলেও হট ফেবারিটের তকমা গায়ে নিতে যথেষ্ট আপত্তি স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের, ‘ছেলেরা ভালো খেলছে এবং আত্মবিশ্বাসীও। তবে আরও সাতটা দল আছে, যারা শিরোপার জন্য লড়বে এবং তাদেরও সমান সুযোগ সেটি জেতার।’সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না হলেও উরুগুয়ে আজ কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে স্পেনের জন্য। তার ওপর দলে ফিরছেন বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে নিষেধাজ্ঞা কাটানো লুইস সুয়ারেজ। দেশের হয়ে শেষ ১৩ ম্যাচে ১০ গোল করা এই লিভারপুল স্ট্রাইকার আক্রমণভাগে তাঁর সঙ্গী হিসেবে পাচ্ছেন এডিনসন কাভানি ও ডিয়েগো ফোরলানের মতো অভিজ্ঞ স্ট্রাইকারকে।স্পেনের সমস্যাটা আবার অন্য রকম। গোলবারের নিচে ভিক্টর ভালদেস নাকি ইকার ক্যাসিয়াস, সেটা নিয়ে এখনো সংশয়ের দোলাচলে সমর্থকেরা। আক্রমণভাগেও পেদ্রো-ভিয়া-মাতার বিকল্প হিসেবে আছেন তোরেস-ফ্যাব্রিগাসরা। মধুর এই সমস্যার পাশাপাশি হয়তো একটা জায়গাতেই চিন্তিত দেল বস্ক। চোটের কারণে তিনি দলে পাননি অভিজ্ঞ মিডফিল্ডার জাবি আলোনসোকে। সার্জিও বুসকেটস কিংবা জাভি মার্টিনেজ বিকল্প হিসেবে মন্দ নন। কিন্তু আলোনসোর অভাবটা শুধু আজ নয়, হয়তো পুরো কনফেডারেশনস কাপেই অনুভব করবেন স্পেন কোচ। এএফপি।স্পেন-উরুগুয়ে২০০৯ কনফেডারেশনস কাপ খেলা ১৪ জন আছেন এই স্পেন দলেও। ২৩ জনের দলের ১৮ জন খেলেছিলেন ২০১০ বিশ্বকাপে আর ১৯ জন ছিলেন ২০১২ ইউরোতে।টানা ২২ ম্যাচ অপরাজিত স্পেন। শেষ সাত ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে উরুগুয়ে।দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল গত ফেব্রুয়ারিতে, দোহার সে ম্যাচে স্পেন জিতেছিল ৩-১ গোলে।