মাঠে নামছেন টেন্ডুলকার
পোর্ট অব স্পেনকে ভুলতে পারছে না ভারত। বাংলাদেশের কাছে হেরে ২০০৭ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সেই ক্ষত কী করে শুকায় ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা দলটির? এবারও ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে। তাই আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েও যেন ধোনির মনের পর্দায় ভাসছে ১৯ ফেব্রুয়ারির উদ্বোধনী ম্যাচ, যাতে বাংলাদেশের মুখোমুখি তাঁরা ঢাকায়। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে চায় ভারত। তাই আজকের ম্যাচেও বিশ্রাম পাচ্ছেন পেসার জহির খান। প্রথম প্রস্তুতি ম্যাচটিতেও রাখা হয়নি কুঁচকিতে সামান্য টান পড়া জহিরকে। গতকাল ধোনি বলেছেন, ‘তাঁর কুঁচকিতে খুব সামান্য ব্যথা আছে। এ নিয়ে চিন্তার কিছু নেই। আমরা শুধু তাঁকে বিশ্রাম দিতে চাই। সে অবশ্যই বাংলাদেশের বিপক্ষে খেলবে।’তবে আজ খেলবেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রস্ততি ম্যাচে জিতলেও ভালো হয়নি ভারতের ব্যাটিং। ওই ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসা টেন্ডুলকার। কিন্তু কাল দীর্ঘক্ষণ নেটে সময় কাটানো টেন্ডুলকার আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেনই বলে মনে হয়। আজকের ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করবেন বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক। শচীন টেন্ডুলকারকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত অধিনায়ক ধোনি। বিশ্বকাপেও টেন্ডুলকারের বড় একটা ভূমিকার আশায় রয়েছেন তিনি। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোয়ালিয়রে করা সেই ঐতিহাসিক ডাবল সেঞ্চুরির পর আজকের ম্যাচটি হবে টেন্ডুলকারের তৃতীয় সীমিত ওভারের ম্যাচ। এটাই হতে যাচ্ছে টেন্ডুলকারের শেষ বিশ্বকাপ। আর তাঁকে বিদায়ী উপহার হিসেবে বিশ্বকাপটা দিতে চান ধোনি ও তাঁর দল। এএফপি।