মাঠে নামার আগেই বিদায় সুয়ারেজের

ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্ম নিয়ে কোপা আমেরিকা খেলতে এসেছিলেন। কিন্তু ক্লাবের হয়ে খেলতে গিয়ে পাওয়া চোটের কারণেই এখনো মাঠে নামা হয়নি। তার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেল লুইস সুয়ারেজের দলের। উরুগুয়েকে আজ চমকে দিয়ে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ভেনেজুয়েলা। গ্রুপপর্বেই নিশ্চিত হলো ২০১১ সালের চ্যাম্পিয়নদের বিদায়। শেষ আটে চলে গেল ভেনেজুয়েলা।
হেরে গেলেও ১৫ বারের কোপা চ্যাম্পিয়ন উরুগুয়ের ক্ষীণ আশা ছিল। কিন্তু দিনের অন্য ম্যাচে জ্যামাইকাকে মেক্সিকো হারিয়েছে ২-০ গোলে। তাতেই নিশ্চিত হয়, এই গ্রুপ থেকে শেষ আটে যাচ্ছে মেক্সিকো আর ভেনেজুয়েলা। ৩৬ মিনিটে করা সলোমন রন্ডোনের গোল ভেনেজুয়েলাকে নিয়ে গেল কোয়ার্টার ফাইনালে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে রীতিমতো বিশৃঙ্খলা তৈরি হয় উরুগুয়ে ডাগআউটে। হুট করে সুয়ারেজকে গা গরম করতে দেখা যায়। শেষ পর্যন্ত তিনি আর নামেননি। দর্শক হয়েই দেখেন দলের বিদায়। মুখ বুজে তা সহ্য করার মানুষ সুয়ারেজ নন। বার্সেলোনা তারকা দলের এক কোচকে রীতিমতো গালাগাল করেন। ডাগআউটের দেয়ালে ঘুষি মেরে নিজের হাতই আহত করেন।
এই হাত দিয়েই গোলে ঢুকতে থাকা বল ইচ্ছা করে ঠেকিয়ে, লাল কার্ড দেখে ২০১০ বিশ্বকাপে দলকে বাঁচিয়েছিলেন। দলের প্রতি সুয়ারেজের ভালোবাসা এতটাই প্রবল। নিজেকে ফিট মনে করলেও আজ নিজেকে দলে দেখতে না পেলে হতাশ তো হবেনই। অথচ প্রথম পরাজয়ের পর দলে চারটি পরিবর্তনও এনেছিলেন কোচ অস্কার তাবারেজ।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল উরুগুয়ে। পরপর দুটি গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। কিন্তু একেবারে হুট করেই গোল পেয়ে যায় ভেনেজুয়েলা। আলহান্দ্রো গুয়েরা ডান পাশ দিয়ে ডিফেন্স ভেঙে চকিতে ঢুকে পড়েন। অপ্রস্তুত গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা অনেক সামনে এগিয়ে ছিলেন তখন। উরুগুয়ে গোলরক্ষক নিজেকে দ্রুত সামলে নিয়ে সেভও করেন। কিন্তু বল বারে লেগে ফিরে আসে। আর ফিরতি বলই জালে পাঠিয়ে দেন রন্ডোন। এই গোল আর শোধ করতে পারেনি উরুগুয়ে। টানা দুই ম্যাচ হেরেই নিশ্চিত হয়ে যায় তাদের পরাজয়।
অন্য ম্যাচে ১৮ মিনিটে চিচারিতো ও ৮১ মিনিটে পেরালতার গোলে জ্যামাইকাকে হারিয়েছে মেক্সিকো। প্রথম ম্যাচে উরুগুয়েকেও হারানো দলটি এবারের কোপার অন্যতম দাবিদার হিসেবেই এগিয়ে গেল নকআউট পর্বের দিকে।