মাঠে নেই, মাঠের বাইরে
নিজেদের মাটিতে উপমহাদেশের প্রথম বিশ্বকাপ আয়োজন, দক্ষিণ আফ্রিকানরা তো সেই কবে থেকেই বিশ্বকাপ-জ্বরে ভুগছে। বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত জাপানসহ উত্তর ও দক্ষিণ কোরিয়াও। যে ৩২টি দেশ বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা পেয়েছে, তাদের মধ্যে আছে এরাও। ভারত নেই, কোন কালে থাকবে সেটি ভবিতব্য ছাড়া কেউ জানে না। কিন্তু মাঠে না থাকলে কী হবে, মাঠের বাইরে ঠিকই আছে ভারত! যথেষ্টই ঔজ্জ্বল্য ছড়িয়ে। ভারতের কাটিং এজ ইভেন্ট প্রাইভেট লিমিটেড নামের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি পেয়েছে বিশ্বকাপের প্রচারণা ও টিভি কমার্শিয়ালের কাজ। বিশ্বকাপের মায়ায় পড়তে যাচ্ছে তাই ভারতের মানুষও। কাটিং এজ ইভেন্ট প্রাইভেট কোম্পানির পরিচালক ডিম্পল গান্ধী সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, ভারত থেকে বিশ্বকাপের প্রচার-প্রচারণার কাজ একমাত্র তাদেরই দিয়েছে ফিফা। এই কোম্পানির আসল কাজ হবে ভারত থেকে যারা বিশ্বকাপ দেখতে যেতে চায়, তাদের টিকিট নিশ্চিত করা থেকে শুরু করে যাতায়াত ও থাকার সুব্যবস্থা করা। এর জন্য বিভিন্ন প্যাকেজের আয়োজন করেছে কোম্পানিটি। ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের জন্য এই প্যাকেজগুলো দিয়েছে তারা। সর্বনিম্ন প্যাকেজের দাম ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি।ভারতে ফুটবলের রমরমা কলকাতা আর গোয়ায়। এই দুটি শহরের ওপর বিশেষ নজর আছে কাটিং এজ ইভেন্ট প্রাইভেট কোম্পানির। এ মাসের শেষের দিকে টিভি বিজ্ঞাপনচিত্র উন্মোচিত হবে। তখন এ দুটি শহরে আয়োজন করা হবে বিশেষ অনুষ্ঠানের। ডিম্পল গান্ধী জানিয়েছেন সেই আয়োজনের কথাও, ‘বিশ্বকাপের মাসকট জাকুমিকে নিয়ে বিশেষ রোড শোর আয়োজন করব আমরা। মুম্বাই, দিল্লি, কলকাতা ও গোয়াতে হবে এই শো। তবে কলকাতা আর গোয়া যেহেতু ভারতের সবচেয়ে ফুটবল-অনুরক্ত এলাকা, সেখানেই জোর দেওয়া হবে বেশি।’ ওয়েবসাইট।