মাঠে পিছিয়ে, বাণিজ্যে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন মাসে ক্লাবটির বিপণন ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২৩ লাখ পাউন্ডে। নতুন ছয়টি স্পনসরও পেয়েছে। চেলসি, ম্যানচেস্টার সিটি বা আর্সেনাল নয়, ক্লাবটি ম্যানচেস্টার ইউনাইটেড! মাঠে যতই দুর্দশা চলুক, মাঠের বাইরে এখনো দারুণ খেলোয়াড় ইউনাইটেড।
কিন্তু এখনকার দশায় বাণিজ্যলক্ষ্মী কত দিন প্রসন্ন থাকেন, সেটাই দেখার বিষয়। লিগে এখন সাতে ইউনাইটেড, চ্যাম্পিয়নস লিগে খেলার আশা দূর অস্ত। শীর্ষ চারে থাকতে না পারলে প্রায় ৭ কোটি পাউন্ড ক্ষতি হবে ইউনাইটেডের।
পরশুর ফলটাকে অবশ্য অঘটন বলা যাবে না। আর্সেনালের মাঠে গিয়ে ড্র করা তো খারাপ নয়! বরং নিজেদের মাঠে জয় না পেয়ে হতাশ হওয়ার কথা আর্সেনালেরই। তবে ম্যাচ শেষে দুই কোচের কেউই অখুশি নন। গোলশূন্য ড্র হওয়া ম্যাচ থেকেই তাঁরা কুড়িয়ে নিচ্ছেন প্রেরণা।
আর্সেনালের জন্য ম্যাচটা ছিল ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। লিভারপুলের কাছে ৫-১ গোলে হারার পর জয়টা হতে পারত টনিক। সেটা হয়নি, কিন্তু আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার অখুশি নন, ‘শনিবার আমরা অনেক গোল খেয়েছি। আমাদের তাই রক্ষণেই বেশি মনোযোগ ছিল। দিন শেষে যেকোনো দলই ১-০ ব্যবধানে জিততে পারত।’
ইউনাইটেড কোচ ডেভিড ময়েসের সুরটাও প্রায় একই রকম, ‘আমি সন্তুষ্ট, তবে আমি তিনটি পয়েন্টই চেয়েছিলাম। আর্সেনাল দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছে, ড্রটা আমাদের জন্য খারাপ ফল নয়।’
সুযোগ পেয়েছিল দুই দলই। অলিভিয়ের জিরু গোটা দুয়েক সুযোগ নষ্ট করেছেন, দারুণ কিছু সেভ করেছেন দুই দলের গোলরক্ষক শেজনি ও ডি গিয়া।
পরশু হাসি নিয়ে মাঠ ছেড়েছেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। ফুলহামের মাঠে গিয়ে দুবার পিছিয়ে পড়ে অলরেডরা সমতায় ফেরে স্টারিজ ও কুটিনহোর গোলে। ড্রটাকেই যখন মনে হচ্ছিল ভবিতব্য, তখনই পেনাল্টি পায় লিভারপুল। জেরার্ডের পেনাল্টি থেকে ৩-২ গোলে জেতে তারা। তবে রজার্স শিরোপা সম্ভাবনা নিয়ে সতর্ক, ‘আমরা এখনো পিছিয়ে আছি, অনেকেই আমাদের আগে। ওদের পয়েন্ট তো হারাতে হবে।’ এএফপি।