মাঠে ফিরছেন তেভেজ
শেষ পর্যন্ত বরফ গলল। অবসান হলো তেভেজ-মানচিনি দ্বন্দ্বের। অনেক জল ঘোলার পর আবারও কার্লোস তেভেজের গায়ে উঠতে যাচ্ছে ম্যানচেস্টার সিটির জার্সি। সেটা হতে পারে দুই সপ্তাহের মধ্যেই। এখন অপেক্ষা শুধু ফিটনেস ফিরে পাওয়ার। তেভেজের নিঃশর্ত ক্ষমা প্রার্থনাতেই কাজ হয়েছে। সিটির কোচ রবার্তো মানচিনি সেটি গ্রহণও করেছেন। গত মঙ্গলবার ক্ষমা চেয়েছেন কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পাঁচ মাস মাঠের বাইরে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার।পরশু রাতে তেভেজকে ক্ষমা করে দেওয়ার কথাটা সানন্দেই জানিয়েছেন মানচিনি। উপলক্ষটা ছিল দারুণ। মাত্রই ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়ন এফসি পোর্তোকে ৪-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত হয়েছে সিটির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই ইতালিয়ান কোচ ঘোষণা দিলেন সব ঝামেলা মিটে যাওয়ার।ঠিক কত দিনের মধ্যে তেভেজ মাঠে ফিরতে পারেন সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন মানচিনি, ‘ফর্ম ফিরে পেতে তাঁর হয়তো দুই কি তিন সপ্তাহ লাগতে পারে। এরপরই সে খেলতে পারে।’ কোচের ক্ষমা পেলেও তেভেজের জন্য দলে জায়গা করে নেওয়াটা কঠিন। এ মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে আছে সিটি। পরশু ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়ন পোর্তোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে উঠে গেছে ইউরোপা লিগের শেষ ষোলোতে। যেখানে তাদের প্রতিপক্ষ হয় স্পোর্টিং লিসবন নতুবা লেজিয়া ওয়ারশ। ফর্মে আছেন প্রায় সব খেলোয়াড়ই। তাই মূল একাদশে জায়গা করে নিতে লড়তেই হবে তাঁকে। তবে সেটা শুধু প্রিমিয়ার লিগেই। ইউরোপা লিগে এমনিতেই খেলতে পারবেন না ইউরোপে খেলার জন্য নাম তালিকাভুক্ত না হওয়ায়। তবে তেভেজের লড়াকু মানসিকতাটা ভালোই জানা আছে মানচিনির, ‘কার্লোসকে আমরা বেশ ভালোই চিনি। সে দুর্দান্ত এক স্ট্রাইকার।’ এএফপি, রয়টার্স। ফর্মে থাকা তিন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, মারিও বালোতেল্লি ও এডিন জেকোর সঙ্গে কার্লোস তেভেজ। সিটির আক্রমণভাগটা হবে আরও ভয়ংকর। আগুয়েরো ও জেকো তো পরশুই গোল পেলেন পোর্তোর বিপক্ষে। পর্তুগিজ ক্লাবটি দুই লেগ মিলিয়ে হেরেছে ১-৬ গোলে। ১৯৭০ সালের পর আরেকবার ইউরোপিয়ান ট্রফি ঘরে তুলতে এগিয়ে গেল সিটি।