মাঠে ফিরছেন যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জার্সি গায়ে মাঠে নামার তর যেন আর সইছে না যুবরাজ সিংয়ের। দু-এক সপ্তাহের মধ্যেই অনুশীলন শুরু করবেন তিনি। খবরটা দিয়েছেন যুবরাজ নিজেই।‘দু-এক সপ্তাহের মধ্যেই অনুশীলন শুরু করব। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে ও দেশের জার্সি গায়ে জড়াতে চাই আমি।’ এক সাক্ষাত্কারে বলেছেন যুবরাজ।যুবরাজ আরও বলেন, ‘চিকিত্সকেরা আমাকে কোনো ওষুধ দেননি। কেমো নেওয়া শেষ হয়েছে প্রায় পাঁচ সপ্তাহ হলো। যতই দিন যাচ্ছে, ততই আমার শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে।’যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে গত মাসের মাঝামাঝিতে কেমোথেরাপির তৃতীয় পর্যায় শেষ হয় যুবরাজের। হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুনর্বাসনের জন্য কিছু দিন লন্ডনে ছিলেন তিনি। পুনর্বাসন শেষে ৯ এপ্রিল সকালে দেশে ফেরেন যুবরাজ।যুবরাজের ফুসফুসে টিউমার ধরা পড়ে গত বছরের অক্টোবরে। প্রথম দিকে বলা হচ্ছিল, সেই টিউমার ক্যানসার নয়। শেষ পর্যন্ত টিউমারকে ম্যালিগন্যান্ট অর্থাত্ ক্যানসার হিসেবে চিহ্নিত করেন চিকিত্সকেরা।এ বছরের ফেব্রুয়ারিতে যুবরাজের চিকিত্সক যতীন চৌধুরী জানিয়েছিলেন, তাঁর ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ে এবং এটি জীবনঘাতী নয়। মে-জুন মাসেই ক্রিকেট মাঠে ফিরতে পারবেন তিনি। সূত্র ওয়েবসাইট।