মাঠে ফিরছেন রিকলমে
ছয় মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে আবারও মাঠে ফিরছেন হুয়ান রোমান রিকলমে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও বোকা জুনিয়র্সের হয়ে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে নিয়মিতই খেলছিলেন এই আর্জেন্টাইন প্লেমেকার। কিন্তু বাঁ-হাঁটুতে অস্ত্রোপচারের কারণে ছয় মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে।২০০৬ সালের বিশ্বকাপের পর প্রথম দফায় অবসরের ঘোষণা দিয়েছিলেন রিকলমে। কিন্তু নতুন কোচ আলফিও বাসিলের ডাকে আবারও দলে ফেরেন তিনি। অধিনায়কের দায়িত্ব নিয়ে আর্জেন্টিনাকে নিয়ে যান কোপা আমেরিকার ফাইনালে। ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে শিরোপার স্বাদটা আর পাওয়া হয়নি তাঁর। ২০০৮ বেইজিং অলিম্পিকে রিকলমের নেতৃত্বেই সোনা জিতেছিল আর্জেন্টিনা। ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বের কিছু খেলায় অংশ নিয়েছিলেন তিনি। কথা ছিল, বিশ্বকাপেও খেলবেন। কিন্তু ম্যারাডোনার সঙ্গে মনোমালিন্যের কারণে ২০০৯ সালে আবারও দ্বিতীয় দফা অবসরের ঘোষণা দেন। তবে এখন সার্জিও বাতিস্তার তত্ত্বাবধানে আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে রিকলমেকে দেখা যেতে পারে বলে ধারণা করছে অনেকেই। তাঁর জন্য জাতীয় দলের দ্বার উন্মুক্তই আছে বলে জানিয়েছেন বাতিস্তাও।তবে রিকলমে অবশ্য এখন সেসব নিয়ে কিছু ভাবছেন না। আপাতত আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল নিয়েই বেশি চিন্তিত তিনি। আগামী শনিবারই বোকা জুনিয়র্সের জার্সি গায়ে গতবারের শিরোপাজয়ী আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে মাঠে নামবেন বলে জানিয়েছেন রিকলমে। টাইমস অব ইন্ডিয়া