মাঠে ফিরতে চান তেভেজ
ম্যানসিটির আরোপ করা ছয় সপ্তাহের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে আপিল করেছেন কার্লোস তেভেজ। বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন তেভেজের হয়ে কাজ করা একজন উপদেষ্টা।বর্তমানে নিজ দেশ আর্জেন্টিনায় আছেন ২৭ বছর বয়সী তেভেজ। গত নভেম্বরে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে আর্জেন্টিনায় যাওয়ার অপরাধে ২২ ডিসেম্বর তেভেজের ওপর ছয় সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করে তাঁর ক্লাব লিগ ম্যানসিটি।ম্যানসিটির সঙ্গে সম্পর্কটা এই মুহূর্তে বেশ খারাপ যাচ্ছে তেভেজের। গত বছরের সেপ্টেম্বরে ম্যানেজার রবার্তো মানচিনির নির্দেশ অমান্য করে অনুশীলন থেকে বিরত ছিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। শৃঙ্খলাভঙ্গের কারণে সেপ্টেম্বরের পর থেকে কোনো ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি আর্জেন্টাইন এই প্লে-মেকার।