মাঠে ফিরতে প্রস্তুত মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

আর কদিন বাদেই এই মৌসুমে বার্সার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এল ক্লাসিকো! এর আগেই কিনা লিওনেল মেসি পড়লেন ইনজুরিতে! বার্সা সমর্থকদের এই হতাশার মেঘ অবশ্য দ্রুতই কেটে গিয়ে ঝলমলে রোদ্দুর উঁকি দিচ্ছে। পূর্ণ অনুশীলনে ফিরে এসেছেন মেসি। অবশ্য শনিবার ওসাসুনার বিপক্ষে তাঁকে প্রথম একাদশে না-ও খেলানো হতে পারে।
গত মাসের শেষের দিকে আলমেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক গোল করার কয়েক মিনিট পরেই মাঠ ছেড়ে বেরিয়ে আসেন। জানা যায়, ঊরুর পেশিতে চোট পেয়েছেন মেসি। বার্সার হয়ে পরের দুটো ম্যাচে খেলেননি। মেসিকে রাখা হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও। মেসি অবশ্য গতকালই ফিরে এসেছেন অনুশীলনে।
মেসি খেলার জন্য প্রস্তুত। তবে লিগের পরের ম্যাচটা না-ও খেলানো হতে পারে তাঁকে। কারণ মঙ্গলবারই এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আছে বার্সার। ওই ম্যাচেই ফেরার কথা তাঁর। ২৬ অক্টোবর নিজেদের মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।

এই মৌসুমে বার্সার হয়ে নয় ম্যাচে ১১ গোল করেছেন মেসি। আটটি লিগে, বাকি তিনটি চ্যাম্পিয়নস লিগে। চ্যাম্পিয়নস লিগে একটাই ম্যাচ খেলেছেন, তাতেই হ্যাটট্রিক। সূত্র: রয়টার্স।