মাঠে ফিরলেন বালাক
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির নেতৃত্ব থাকত তাঁর হাতেই। কিন্তু চেলসির হয়ে এফএ কাপের ফাইনালে গোড়ালিতে চোট পেয়ে বিশ্বকাপের দল ঘোষণার আগেই ছিটকে গেলেন মাইকেল বালাক। বিশ্বকাপে গেলেন দর্শক হয়ে। তিন মাস পর অবশেষে মাঠে ফিরলেন এই মিডফিল্ডার। জার্মান তৃতীয় বিভাগের দল ভিয়েসবাডেনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে পরশু শুরু হলো বেয়ার লেভারকুসেনে তাঁর ‘দ্বিতীয় জীবন’ও। বিশ্বকাপের সময়ই চেলসি ছেড়ে দেয় তাঁকে। পরে নাম লেখান লেভারকুসেনে, যে ক্লাবে খেলেই বিখ্যাত হয়েছিলেন বালাক। আগামী বৃহস্পতিবার ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলেও তাঁর দ্বিতীয় অভিষেক হয়ে যেতে পারে। ইউক্রেনের তাভরিয়া সিমফারপোলের বিপক্ষে ইউরোপা লিগের প্লে-অফ খেলবে লেভারকুসেন। ফুটবলে ফিরলেও জাতীয় দলের অধিনায়কত্বটা ফিরে পাবেন কি না, এটা নিয়ে এখনো সংশয় আছে। তাঁর অনুপস্থিতিতে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া ফিলিপ লাম জানিয়েছেন, নিজ থেকে অধিনায়কত্ব ছাড়বেন না তিনি। ওয়েবসাইট।