মাঠে ফিরলেন মাশরাফি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার ক্রিকেটে ফিরলেন মাশরাফি বিন মুর্তজা। প্রিমিয়ার ক্রিকেট লিগে বিমানের হয়ে তিনি আজ মোহামেডানের বিপক্ষে মাঠে নামেন। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আজকের ম্যাচে অংশ নিয়ে মাশরাফি অবসান ঘটালেন দীর্ঘ নয় মাসেরও বেশি সময়ের প্রতীক্ষার—সংগ্রামের। ২০১১ সালের এপ্রিলে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন দেশের এই সেরা বোলিং তারকা।আজকের ম্যাচে বেশ ভালো ছন্দেই বল করেছেন মাশরাফি। তবে চিকিত্সক ও ফিজিওর পরামর্শ অনুযায়ী মাত্র চার ওভার বল করেছেন তিনি। চিকিত্সকের মাশরাফির প্রতি আপাতত নাকি ধীরে চলারই পরামর্শ।২০০১ সালে জাতীয় দলে অভিষেকের পর বেশ কয়েকবারই ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছে মাশরাফিকে। দুই হাঁটু মিলিয়ে বারকয়েক অস্ত্রোপচারও করা হয়ে গেছে। শল্যচিকিত্সকের ছুরি-কাঁচি এতবার তাঁর দুই হাঁটুর ওপর দিয়ে গেছে যে ভবিষ্যতে একই ধরনের ইনজুরির পর অস্ত্রোপচার করার মতো পর্যাপ্ত জায়গাও নাকি তাঁর হাঁটু দুটিতে নেই।২০০৯ সালে জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের একটি টেস্টে বোলিং করতে গিয়েই আবার ইনজুরির কবলে। সেই ইনজুরি কাটিয়ে আবার ফিরলেন দলে। ২০১০ সালে প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে গিয়ে ইনজুরি আবার তাঁকে ঠেলে দেয় মাঠের বাইরে। যা মাশরাফিকে খেলতে দেয়নি দেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে। ইনজুরির সঙ্গে লড়াই করেই ক্রিকেটার মাশরাফির বেঁচে থাকা। আপাতত প্রিমিয়ার লিগে বিমানের তাঁবুতে রয়েছেন। আগামী মাস থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৪৫ হাজার ডলারে দলভুক্ত হয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসে। তারকাখ্যাতির বিচারে টাকার অঙ্কটা কম হলেও মাশরাফির প্রত্যয় তিনি আবারও ফিরবেন স্বমহিমায়। আপাতত অল্প দিয়েই শুরু হোক নতুন পথচলা !