মাঠে ফিরলেন ‘ফরাসি বিপ্লবী’রা
ধর্মঘটের চেয়ে ‘বিদ্রোহ’ শব্দটা শোনায় ভালো। তবে ধর্মঘটই বলুন কিংবা বিদ্রোহ, সেটির স্থায়িত্ব বেশি দিন হলো না। এক দিনের মধ্যেই মাঠে, অনুশীলনে ফিরলেন ফ্রান্সের ফুটবলাররা। সতীর্থ নিকোলাস আনেলকাকে বহিষ্কার করার প্রতিবাদে পরশু অনুশীলন মাঠ থেকে ফিরে গিয়েছিলেন এভরা-অঁরিরা। শুধু অনুশীলনেই ফেরা নয়, বেশ কদিন পর আবারও হাসি ফিরেছে ফরাসি ফুটবলারদের মুখে। তবে কোচ রেমন্ড ডমেনেখ আর তাঁর সহকারীদের থমথমে মুখটাই বলে দিচ্ছিল, দলের ভেতরের আবহাওয়া এখনো গুমোট। সেটি আরও পরিষ্কার হয়ে গেছে ফ্রান্সের অনুশীলন সরঞ্জামের কোনোটাতেই স্পনসরদের লোগো না থাকায়।কোচকে অশ্লীল গালিগালাজ করায় আনেলকাকে বিশ্বকাপের দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। চেলসি তারকা এরই মধ্যে চলে এসেছেন লন্ডনে, তাঁর ক্লাবের ডেরায়। তবে আনেলকার ছায়া এখনো রয়ে গেছে দক্ষিণ আফ্রিকায়। পরশু যেটি প্রমাণ করে দিয়ে এভরারা হোটেলে ফিরে গেছেন অনুশীলন না করে। এর আগে লিখিত বিবৃতি দিয়ে গেছেন। যে বিবৃতি পড়ে শোনাতে হয়েছে ডমেনেখকেই। যেখানে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে খেলোয়াড়েরা অভিযোগ এনেছিলেন, তাঁদের রক্ষার জন্য ফেডারেশন কিছু তো করেইনি, উল্টো পত্রপত্রিকার খবরের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে আনেলকাকে। পদত্যাগ করেছেন দলের পরিচালক জাঁ-লুই ভ্যালেন্টাইনও।এমনিতেই ফ্রান্সের পারফরম্যান্সে জিনেদিন জিদানের হূদয় ক্ষতবিক্ষত হয়েই ছিল। এরই মধ্যে আনেলকার বহিষ্কার এবং সেটি নিয়ে খেলোয়াড়দের বিদ্রোহ মেনে নিতে পারছেন না সাবেক অধিনায়ক। কড়া ভাষায় না হলেও কূটনৈতিক মন্তব্যে জিজু বুঝিয়ে দিয়েছেন মনের কথা, ‘খেলোয়াড়দের অনুশীলনে না থাকাটা আমি কোনোভাবেই সমর্থন করি না। অবশ্য এও সঠিক, আমি ক্যাম্পে নেই। সেখানকার পরিস্থিতি, খেলোয়াড়দের ভাবনা আমি তো জানি না। তবে অবশ্যই আমি বয়কটের পক্ষে নই। কারণ, যেমনটা এক সাংবাদিক বলেছেন, এই বিশ্বকাপে দুটো দলকে সবাই মনে রাখবে। চ্যাম্পিয়নদের—শিরোপাটা জেতার জন্য। আর আমাদের—বয়কট করার জন্য।’গত তিনটি বিশ্বকাপের দুটির ফাইনালে ওঠা ফ্রান্স এবার যাচ্ছেতাই খেলেছে। ফেলে আসা দলটির হতশ্রী চেহারা দুঃখ দেয় গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়টির মনে। সবচেয়ে বেশি দুঃখ দেয় এই দলে সংহতির ঘাটতি দেখে, ‘ও (আনেলকা) যা বলেছে সেটির পক্ষে কেউ সাফাই গাইবে না। কিন্তু এটা ফাঁস হওয়াটা আমাকে আরও বেশি পোড়াচ্ছে। ড্রেসিংরুমে এ রকম তো অনেক কিছুই হয়, আরও অনেক বাজে ঘটনাও ঘটে। কিন্তু কেউ সেগুলো হাট করে মিডিয়ার কাছে খুলে দেয়নি।’ এএফপি, ওয়েবসাইট।