মাঠে ফিরে এসো যুবরাজ
যুবরাজ সিংয়ের দ্রুত আরোগ্য কামনায় কোটি মানুষ প্রার্থনা করছে ঈশ্বরের কাছে। সেই প্রার্থনায় আছে পুরো ভারতীয় দলও। দলের পক্ষ থেকে সতীর্থের সুস্থতা কামনা করেছেন বীরেন্দর শেবাগ, ‘আমিও শুনেছি, যুবরাজ কেমোথেরাপি নিচ্ছে। আমরা আশা করছি, পুরো সুস্থ আর ফিট হয়েই ও দলে ফিরবে। আমরা সবাই ওর জন্য প্রার্থনা করছি।’যুবরাজকে অনেক দিন থেকেই চেনেন। দুজনের ক্যারিয়ারেই এসেছে উত্থান-পতন। কঠিন দুঃসময়েও যুবরাজকে কখনো হাল ছাড়তে দেখেননি। বরং দেখেছেন সত্যিকারের যুবরাজের মতোই লড়াই করে রাজত্ব উদ্ধার করতে। শেবাগ আশাবাদী, মরণব্যাধি ক্যানসারের সঙ্গে এই লড়াইটাতেও যুবরাজই জিতবেন। পাঞ্জাবেরই আরেক ক্রিকেটার হরভজন সিংও টুইট করেছেন, ‘যুবরাজ জাত লড়াকু। মিডিয়াকে অনুরোধ করি, ওকে ওর মতো থাকতে দিন, ভালোভাবে চিকিৎসা নিতে দিন। আমি নিশ্চিত, ও দুর্দান্তভাবেই ফিরে আসবে।’ অমিতাভ বচ্চনদের মতো হলিউডের তারকা থেকে শুরু করে দেশটির রাজনীতিবিদদের অনেকেই যুবরাজের আরোগ্য কামনা করে টুইট করেছেন। আশা প্রকাশ করেছেন, দ্রুতই আবার ক্রিকেট মাঠে ফিরবেন ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক।চিকিৎসকদেরও ভাষ্য তা-ই। যুবরাজের ব্যক্তিগত চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, ক্যানসার হলেও ভয়াবহ কিছু নয়। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসা চলছে। মে মাসের মধ্যেই ক্রিকেটে ফিরতে পারেন। ভারতের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোয় নির্বিঘ্নে চিকিৎসা চালানো যাচ্ছে বলে যুবরাজও খুশি। তাঁর কাছের সূত্রগুলো জানিয়েছে, অসুখটিকে সাধারণভাবেই নিয়েছেন এই অলরাউন্ডার।তবে যুবরাজের বাবা যোগরাজ বলেছেন, প্রথমেই যখন টিউমার শনাক্ত হলো, তখনই তাঁদের যুক্তরাষ্ট্রে আসা উচিত ছিল। যুবরাজ নিজেই নাকি বিষয়টি শুরুতে এত গুরুত্ব দেননি। আবার কেউ কেউ বলছেন, যুবরাজের অনিয়ন্ত্রিত জীবনযাপন হয়তো এর জন্য দায়ী। কিন্তু চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, এই অসুখের সঙ্গে জীবনযাপনের কোনো সম্পর্ক নেই।যুবরাজের রোগটি প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা গেছে বলে ক্যানসার ছড়িয়ে পড়ার সুযোগ পায়নি। তা ছাড়া চিকিৎসকেরা এ-ও বলেছেন, অনেকেই আক্রান্ত হওয়ার পর চতুর্থ পর্যায়ে গিয়ে হাসপাতালে আসে। তার পরও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরার ভূরি ভূরি নজির আছে।চিকিৎসকদের কথাই যেন সত্যি হয়, শেবাগদের মতো এই প্রার্থনা করছেন বিশ্বের সব ক্রিকেটপ্রেমী। ওয়েবসাইট।