মাঠে ফিরেই 'খুনে মেজাজে' সাকিব

মাত্র তিন ম্যাচ বাইরে ছিলেন। কিন্তু মনে হচ্ছিল কত দিন ধরে যে তিনি নেই। সেই সাকিব আল হাসান আজ মাঠে নামলেন নিষেধাজ্ঞা কাটিয়ে। ৪৬তম ওভারের তৃতীয় বলে পেলেন স্ট্রাইক। মোহাম্মদ তালহার ফুলটস। পয়েন্ট দিয়ে চার! চার মেরেই রানের খাতা খুললেন নির্বাসন থেকে ফেরা সাকিব। ওই ওভারের শেষ বলে আবার চার। সাঈদ আজমলের করা পরের ওভারে পর পর তিন বলে দুটো চার আর একটা ছক্কা! ৭ বলেই ২৪ রান তুলে ফেললেন সাকিব। এভাবে খেলে যেতে পারলে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড তো হয়েই যায়! না হলো না। শেষ পর্যন্ত ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকলেন। আর একটা বল পেলে সেটা যে ছক্কায় পরিণত করতেন না, কে জানে। আর তাহলেই সনাত্ জয়াসুরিয়ার করা ১৭ বলে ফিফটির বিশ্ব রেকর্ডে ভাগ বসাতেন সাকিব।
এ নিয়ে অবশ্য আফসোস করছেন বলে মনে হলো না। বরং মাঠ ছেড়ে বেরোনোর সময় তৃপ্তির ছায়া তাঁর মুখে। মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে মাত্র ৩৪ বলে ৭৭ রান এনে দিয়েছেন দলকে। ওভারপিছু ওভারে গড়ে ১৩.৫৮ রান করে তুলেই দলকে রানের পাহাড়ে চড়িয়েছে এই জুটি। বাংলাদেশ পেয়েছে ওয়ানডেতে তাদের সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড। আগের স্কোরটি ছিল ২০০৯ সালে বুলাওয়েতে করা জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে ৩২০।
পাকিস্তান ৩২৭ রান তাড়া করে এর আগে কখনোই জেতেনি। এর আগে সর্বোচ্চ ৩২২ রান করে জেতার রেকর্ড আছে তাদের। বাংলাদেশ অবশ্যই শক্ত অবস্থানে। তবে সাকিব সুনির্দিষ্ট করে জয়ের কথা বলেননি। তবে ব্যাটিং শেষে বেরিয়ে যাওয়ার মুখে দেওয়া ওই টিভি সাক্ষাত্কারে বলেছেন, এখন ‘ভালো কিছু’র আশা করছে তাঁর দল। বলেছেন, ‘গত এক মাস আমাদের জন্য খুব কঠিন একটা সময় গেছে। তবে আশা করি এই ম্যাচে ভালো কিছু হবে। এই ম্যাচ দিয়েই আমরা ঘুরে দাঁড়াব।’
গত ম্যাচেই স্ত্রীকে সঙ্গে নিয়ে ফতুল্লায় গিয়েছিলেন খেলা দেখতে। কিন্তু দর্শকসারিতে বসে বিষণ্ন সাকিবকে দেখতে হয়েছে আফগানিস্তানের কাছে দলের পরাজয়। নিজের ভুলটা তো স্বীকার করে নিয়েছেন আগেই। তবে সাকিব নিশ্চয়ই জানতেন, যে অপরাধ করেছেন, তার প্রায়শ্চিত্ত সবচেয়ে ভালো হয়, যদি মাঠে অবদান রাখতে পারেন। সাকিব বলেছেন, ‘তিন ম্যাচ বাইরে ছিলাম। তবে আমি জানতাম সুযোগ আসবে দলে আমার আমার অবদান রাখার। আমি শুধু আমার খেলাটাই খেলে গেছি।’
তিন ম্যাচ বাইরে বসে থাকার পরও ব্যাটে মরচে ধরেনি দেখা যাচ্ছে! রসিকতা করেই প্রশ্নটা করেছিলেন টিভি উপস্থাপক। মুখে হাসি এঁকে সাকিব সিরিয়াস ভঙ্গিতেই উত্তর দিলেন, ‘এ সময় খেলিনি। তবে আমি কঠোর পরিশ্রম আর প্রচুর অনুশীলন করেছি। সেটারই ফল পেলাম।’
এই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা? সাকিবের উত্তর, ‘এটা খুবই ভালো উইকেট। তবে ৩২০ এর বেশি রান তাড়া করাও সহজ কিছু না। শুরুতে ওদের কয়েকটা উইকেট ফেলে দিতে পারলে ওরা ভীষণ চাপে পড়ে যাবে।’