মাঠে বসেই দেখলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালও নড়াইলে থাকার কথা ছিল গোলাম মুর্তজার। কিন্তু ছেলের অনুরোধ রাখতে ঢাকায় এলেন। ইচ্ছা ছিল, দিন শেষে ছেলের জন্মদিন উপলক্ষে দুজনে আনন্দে সময় কাটাবেন। হায়রে নিয়তি! সেই গোলাম মুর্তজাকে দিন শেষে নীরব, নিথর হয়ে থাকতে হলো।দিন শেষে ভাগ্য ছাড়া আর দোষ দেওয়ার মতো কাউকে খুঁজে পেলেন না। কান্না-জড়ানো গলায় বললেন, ‘ভাগ্য। স্রেফ ভাগ্যই আবার ছেলেটাকে ছিটকে দিল মাঠের বাইরে। আমাদের পরিবারটা আবার একটা বিরাট ধাক্কা খেল।’মাশরাফি বিন মুর্তজার আরেকটা চোট শুধু গোলাম মুর্তজার পরিবারের জন্যই ধাক্কা নয়, বাংলাদেশের জন্যই বিশাল এক ধাক্কা। বাংলাদেশের জন্য ধাক্কাটা ক্রিকেটীয় দৃষ্টিতে। কিন্তু মুর্তজা পরিবারের জন্য ব্যাপারটা ক্রিকেটের চেয়ে অনেক বড় কিছু।বাসায় বসে টিভিতে ছেলের খেলা দেখছিলেন মাশরাফির মা। টিভিতে শুধু ছেলের আহত হওয়ার ব্যাপারটা দেখলেন। এরপর আর কোনো খবর পাচ্ছিলেন না। মাশরাফির বাবাকে বারবার ফোন করছিলেন, কিন্তু তাঁর ফোন বন্ধ!স্টেডিয়ামে পরিচিতজনদের, সাংবাদিকদের ফোন করে ছেলের অবস্থা জানতে চাচ্ছিলেন। কথা বলার সময় বারবার কান্নায় জড়িয়ে আসছিল মাশরাফির মায়ের কণ্ঠ, ‘আমার ছেলেটার সঙ্গেই কেন বারবার এমন হয়, বাবা! ও তো কারও কোনো ক্ষতি করে না। ইনজুরি থেকে দূরে থাকার জন্য কত কষ্ট করে। কিন্তু আবার সেই ইনজুরি!’মাশরাফির বাবার জন্য কষ্টটা আরও অসহনীয়। মাঠে বসে ছেলের খেলা দেখবেন বলে ঢাকায় এসেছিলেন। প্রেসবক্সে বসে খেলাও দেখছিলেন। কিন্তু মাশরাফির ইনজুরির দৃশ্যটা দেখে আর নিজেকে সামলাতে পারেননি। প্রথমে দুই হাতে মুখ ঢেকে ফেলেছিলেন। এরপর রক্তবর্ণ চোখ নিয়ে ছুটে বের হয়ে গেলেন প্রেসবক্স থেকে।মাশরাফি আর ইনজুরি সমার্থক হয়ে গেলেও এর আগে কখনো চোখের সামনে ছেলেকে আহত হতে দেখেননি গোলাম মুর্তজা। গতকালকের অভিজ্ঞতাটা তাই বীভৎস হয়ে উঠছে তাঁর জন্য, ‘এর আগে ও যে কয়েকবার ইনজুরিতে পড়েছে, কখনোই আমি মাঠে ছিলাম না। এবারের ধাক্কাটায় তাই অনেক বেশি কষ্ট পেয়েছি।’এই কষ্ট, যন্ত্রণা থেকে মাঝেমধ্যে মুক্তি পেতে ইচ্ছা করে মুর্তজা সাহেবের। ইচ্ছা করে এর চেয়ে সাধারণ একটা ছেলের বাবা হয়ে জীবন কাটাতে, ‘মাঝেমধ্যে মনে হয়, ওকে বলি ক্রিকেট ছেড়ে দিতে। কী হবে এমন বিপদের খেলা খেলে! আবার মনে হয়, এ কথা আমি বলি কী করে? ছেলে তো আমার একার নয়। ও এখন বাংলাদেশের অধিনায়ক। ও তো এখন দেশের সম্পদ।’সম্পদ বলেই তো তাঁর জন্য দেশের এমন বুক কেঁপে ওঠে।