মাঠে মুঠোফোন দেখলেই নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ফুটবলে ম্যাচের সময় ডাগ-আউটে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল আগেই। কিন্তু আইনের প্রয়োগ না থাকায় এর প্রতি এত দিন বুড়ো আঙুল দেখিয়ে এসেছেন কর্মকর্তারা। এমনকি ফুটবলাররাও অনেকে মাঠে মুঠোফোন আনতেন। কিন্তু এ মৌসুমে কাজটি আর করা যাবে না। মাঠে কারও হাতে মুঠোফোন দেখলেই তাঁকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হবে।বাইলজে তা অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য বাফুফের নির্বাহী কমিটিকে পাঠাচ্ছে পেশাদার লিগ কমিটি। পরশু লিগ কমিটির সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী জানাচ্ছেন, ‘আসন্ন মৌসুমে আমরা মাঠে মুঠোফোন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে চাই। কারও হাতে মোবাইল দেখা গেলেই তাঁকে চিঠি ধরিয়ে দেওয়া হবে—আপনি তিন ম্যাচ নিষিদ্ধ।’পাতানো খেলা বন্ধে পাতানো খেলা শনাক্তকরণ কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের একজন করে প্রতিনিধি দেওয়ার অনুরোধ জানিয়ে সংস্থা দুটিতে চিঠি পাঠাচ্ছে বাফুফে। ২০১০-১১ মৌসুমে পাতানো খেলার দায়ে শেখ জামাল ও রহমতগঞ্জকে জরিমানা করেছিল বাফুফে। তখন পাতানো খেলা বন্ধে বাফুফের আন্তরিকতা প্রশংসিত হয়। কিন্তু পরের মৌসুম, অর্থাৎ গতবার পেশাদার লিগ কমিটির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।ঘরোয়া ফুটবলকে বিতর্কমুক্ত রাখতে আগামী মৌসুমে ডাগ-আউটে নিষিদ্ধ করা হচ্ছে বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তাদের। লিগ কমিটির এ-সংক্রান্ত সুপারিশ আগামী শনিবার বাফুফের সভায় অনুমোদন হবে বলে আশা করা হচ্ছে।