মাঠে মেসি

বল পায়ে থাকুক আর না-থাকুক, গ্যালারির হাজারো দর্শক, টিভি পর্দার সামনে শতকোটি চোখ খুঁজে ফেরে তাঁকেই। মিনিট ধরে ধরে দেখা যাক অ্যারেনা করিন্থিয়ানসে পরশু কেমন ছিল লিওনেল মেসির বিচরণ
১৯ মিনিট
নিষ্প্রভ শুরুর পর মেসির প্রথম ঝলক। দুই ডিফেন্ডার জুরু ও রদ্রিগেজকে চতুরভাবে কাটিয়ে এগোচ্ছিলেন, কিন্তু ফিরে এসে বল কেড়ে নেন রদ্রিগেজ।
৪৮ মিনিট
ডান পাশ দিয়ে গ্রানিত শাকাকে কাটিয়ে ঢুকছিলেন মেসি, কিন্তু পেছন থেকে ট্যাকল করতে গিয়ে তাঁকে ফেলে দেন শাকা। আগেই একটি হলুদ কার্ড পাওয়া মিডফিল্ডার ভাগ্যক্রমে বেঁচে যান আরেকটি পাওয়া থেকে।
৫৮ মিনিট
দ্বিতীয়ার্ধে প্রথম ঝলক। অনেকটা নিচ থেকে বল নিয়ে বাঁ পাশ দিয়ে এগিয়ে পাস দেন লাভেজ্জিকে। লাভেজ্জির কাছ থেকে বল পেয়ে রোহোর শট সরাসরি সুইস কিপারের হাতে।
৬৭ মিনিট
গোলে প্রথম শট। বক্সের বাইরে বুক দিয়ে বল নামিয়ে বা পায়ের তীব্র শট, বারের একটু ওপর দিয়ে বাইরে।
৭৪ মিনিট
বাঁ পাশ থেকে গোলমুখে দুর্দান্ত ক্রস, কিন্তু ফাঁকায় থেকেও হেড বাইরে মারলেন রদ্রিগো পালাসিও।
৭৭ মিনিট
প্রথমবার সত্যিকার অর্থেই গোলের খুব কাছে। কর্নার থেকে বল পেয়ে দুজন মার্কারকে গোল খাইয়ে আরেকজনের পায়ের ফাঁক দিয়ে শট, সুইস গোলকিপার বেনাগিলোর দুর্দান্ত সেভ।
৮০ মিনিট
আবার বক্সের ঠিক বাইরে বল পেয়ে জায়গা করার চেষ্টা। কিন্তু সুইসরা বল কেড়ে নিল আবারও।
৮৭ মিনিট
সুইস মিডফিল্ডার ভালোন বেহরামির সঙ্গে বল দখলের লড়াই, খানিকটা মেজাজ হারিয়ে বেহরামির ধাক্কা।
৮৯ মিনিট
বাঁ পাশ দিয়ে দারুণ গতিতে ঢুকে দুজনকে কাটিয়ে বক্সে ক্রস, কিন্তু নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ প্যালাসিও।
১১০ মিনিট
মাঠে মনে হচ্ছে ক্লান্ত, শ্রান্ত। চেহারায় খানিকটা হতাশার ছাপ।
১১৮ মিনিট
লিখটস্টেইনারের খামখেয়ালিতে প্যালাসিও বল কেড়ে নিয়ে বাড়ালেন মেসিকে। ক্লান্তি-শ্রান্তি ভুলে সুইস ডিফেন্সের বুক চিরে চেনা দৌড়, ফাঁকায় থাকা ডি মারিয়াকে পাস। ডি মারিয়ার দুর্দান্ত ফিনিশিং।