মাঠে লড়েই উপেক্ষার জবাব দেবেন ক্যাটিচ
ইচ্ছে করলেই মামলা করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারতেন সদ্যই কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়া ওপেনার সাইমন ক্যাটিচ। এমনটাই পরামর্শ ছিল, তাঁর প্রতি আইনজীবীদের। কিন্তু ক্যাটিচ সেই পরামর্শ অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিয়েছেন, এই ‘বৈষম্যে’র বিরুদ্ধে তিনি ক্রিকেটের মাঠেই লড়াই করবেন।সম্প্রতি ভবিষ্যতের জন্য দল গড়ার কারণ দেখিয়ে ফর্মের তুঙ্গে থাকা ৩৫ বছর বয়সী এই ওপেনারকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে। ব্যাপারটি দারুণ সমালোচিত অস্ট্রেলিয়ার ক্রিকেট জগতে। এমনকি, ক্যাটিচও পুরো ব্যাপারটিকে নিজের অপমান হিসেবেই নিয়েছেন।এমন পরিস্থিতিতে এটিকে ‘অন্যায়’ সিদ্ধান্তই বলেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট-সংশ্লিষ্ট সবার। তবে ক্যাটিচ পরামর্শ ও সুযোগ থাকা সত্ত্বেও তাঁর আইনজীবীদের সাফ জানিয়ে দিয়েছেন, মামলা করাটাকে তিনি ক্রিকেটীয় প্রতিবাদ মনে করছেন না। এর চেয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে পারফর্ম করেই তিনি পুরো ব্যাপারটির প্রতিবাদ জানাতে চান। এবং সেটাকেই তিনি সর্বোত্কৃষ্ট পন্থা মনে করছেন। পিটিআই।