মাঠে শান্তি, বাইরে অশান্তি
ইংলিশ প্রিমিয়ার লিগের সেই দুটি ম্যাচই ছিল গত অক্টোবরে। ১৫ অক্টোবর অ্যানফিল্ডে লিভারপুল মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের, আর ২৩ অক্টোবর লফটাস রোডে কুইন্স পার্ক রেঞ্জার্সের সামনে দাঁড়িয়েছিল চেলসি। দুটি ম্যাচের গায়েই বর্ণবাদী গন্ধ।লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ তো ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরাকে বর্ণবাদী গালি দেওয়ার অপরাধে ৮ ম্যাচের নিষেধাজ্ঞাই কাটাচ্ছেন। কিউপিআরের ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে চেলসি অধিনায়ক কাঠগড়ায়। আদালতে আগামীকাল তাঁর শুনানি।অক্টোবরের ওই ঘটনার পর আবারও দুই জোড়া দল একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল পরশু। এবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে। অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানইউ, কিউপিআরের মাঠে কিউপিআর-চেলসি। প্রেক্ষাপটে বর্ণবাদ বিতর্ক ছিল বলেই ম্যাচ দুটিকে ঘিরে ছিল তুমুল উত্তেজনা। তবে ম্যাচটির শান্তিপূর্ণ সমাপ্তির জন্য দুই পক্ষ থেকেই ওড়ানো হয়েছিল শান্তির পতাকা। ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন তাঁর খেলোয়াড়দের যেমন খেলোয়াড়ি চেতনা নিয়ে মাঠে নামার নির্দেশ দেন, সমর্থকদেরও বলেন শান্ত থাকতে। এফএ ও পুলিশ ছিল বাড়তি সতর্ক। ৮৮ মিনিটে ডাচ ফরোয়ার্ড ডির্ক কিউটের গোলে লিভারপুলের জেতা ম্যাচটিতে অফুটবলীয় কিছু ঘটেনি। খেলার চেতনায় উদ্বুদ্ধ আদর্শ এক ম্যাচ, রেফারি পকেট থেকে একবার একটা হলুদ কার্ড বের করেছেন। গ্যালারিতে অবশ্য উত্তেজনা ছিল। লিভারপুলের সমর্থকেরা একনাগাড়ে দুয়ো দিয়ে গেছে এভরাকে। তবে ম্যাচ শেষে উত্তর ওয়েলসবাসী ৫৯ বছর বয়সী এক লিভারপুল সমর্থককে বানরের ভঙ্গি করার অপরাধে গ্রেপ্তার করেছে মার্সেসাইড পুলিশ। ওই সমর্থকের বানরভঙ্গির ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে।কিউপিআর-চেলসি ম্যাচেও কোনো গোলযোগ হয়নি। তবে এই ম্যাচ নিয়ে এতটাই টেনশন ছিল যে এফএ খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর রীতিটাই বাতিল করে দেয়। বিলম্বিত সিদ্ধান্তটি আসে দুই দলের সম্মতিতেই। দুই দলের খেলোয়াড়-কর্মকর্তারা টেনশনে ছিলেন—ফার্ডিনান্ড টেরির সঙ্গে হাত না মেলালে সেটি হবে বাজে ব্যাপার! ‘এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল’—বলেছেন কিউপিআর ম্যানেজার মার্ক হিউজ। চেলসির জেতা ম্যাচটি অশান্তির আগুন থেকে বাঁচলেও ফুটবল মাঠে বর্ণবাদ বিতর্কের আগুন কিন্তু থামছে না। হিউজই বলেছেন, ম্যাচের আগে প্যাকেটে করে একটি চিঠি ও বুলেট পাঠানো হয় ফার্ডিনান্ডকে এবং সেটি দেওয়া হয়েছে পুলিশকে। এমন মানসিক চাপ উপেক্ষা করেও ম্যাচটি খেলেছেন কিউপিআরের এই ডিফেন্ডার। চিঠিতে উদ্বেগজনক কিছুই লেখা, কিন্তু তা জানাতে অস্বীকৃতি জানান হিউজ। এএফপি।