নেইমারের সঙ্গে চুক্তি-কাণ্ডে সপ্তাহজুড়েই বার্সেলোনার অবস্থা ছিল টালমাটাল। প্রবল ঝড়ে সান্দ্রো রোসেলকে ক্লাব সভাপতির পদ ছাড়তে হয়েছে। নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন যোসেপ মারিয়া বার্তোমেউ। পরশু ন্যু ক্যাম্পে দলের খেলা দেখলেন নতুন সভাপতি। খুশিই হলেন, বার্সা মাঠে খেলল বার্সার মতোই। মালাগার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় তুলে আবার লা লিগার শীর্ষে জেরার্ডো মার্টিনোর দল।
আগের দিন গ্রানাডাকে হারিয়ে (২-০) মৌসুমে প্রথমবারের মতো শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। ২ পয়েন্টে এগিয়ে গিয়ে রিয়াল চাপে রেখেছিল বার্সাকে। একই সঙ্গে বার্সার অন্দরমহলে বয়ে যাওয়া দমকা হাওয়ায় সংশয় ছিল, বার্সার খেলায় না এর প্রভাব পড়ে। সেটি যে পড়েনি, স্কোরলাইনই জানিয়ে দিচ্ছে। ৪০ মিনিটে বার্সাকে এগিয়ে নেন পিকে। ৫৫ মিনিটে মেসির পাশ থেকে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। ৬১ মিনিটে ৩-০, এবার গোলদাতা সানচেজ।
পরশু বার্সা মাঠে নামার আগেই রায়ো ভায়েকানোকে ৪-২ গোলে হারিয়ে শীর্ষে উঠে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর হয়ে তুর্কি মিডফিল্ডার আরদা তুরান করেছেন জোড়া গোল। ডেভিড ভিয়া ও আর্জেন্টাইন হোসে আরনেস্তো সোসা একটি করে। ৩ পয়েন্টে এগিয়ে গিয়ে বার্সার ওপর চাপটা দ্বিগুণ করে অ্যাটলেটিকো। তবে সব চাপ উড়িয়েই দিয়েছে বার্সা।
একটা চাপ অবশ্য রয়েই গেল। এ ম্যাচেও গোল না পাওয়ায় লিগে টানা ৮ ম্যাচ গোলহীন কাটল লিওনেল মেসির। সময়ের হিসাবে যেটি প্রায় ৬০০ মিনিট! লা লিগায় মেসি সর্বশেষ গোল করেছিলেন গত সেপ্টেম্বরে।
তবে কোচ মার্টিনো এতে বিচলিত নন। মেসি গোল না পেলেও গোল করাচ্ছেন, প্লে-মেকার হিসেবে খেলাটা তৈরি করেছেন। লা লিগায় গোল-খরায় ভুগলেও চোট থেকে ফিরে মেসি কোপা ডেল রের তিন ম্যাচে করেছেন ৪ গোল। মার্টিনো তাই বলছেন, ‘মেসি খেলাটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করছে, বল ভালোভাবে পাস দিচ্ছে। সে এমন একজন ফুটবলার, যে সবকিছুই করতে পারে।’
ওদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে রোমা ৩-০ গোলে হারিয়েছে হেল্লাস ভেরোনাকে। শীর্ষে থাকা জুভেন্টাসের (২১ ম্যাচে ৫৬ পয়েন্ট) সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমার (২১ ম্যাচে ৫০) পয়েন্টের ব্যবধান এখন ৬। অন্যতম পরাশক্তি এসি মিলান পরশু ২-১ গোলে ক্যালিয়ারির বিপক্ষে জয় তুলে লিগ টেবিলে নয়ে উঠে এসেছে (২৮ পয়েন্ট)। নতুন কোচ সিডর্ফের অধীনে এটি মিলানের দ্বিতীয় জয়।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মোনাকো। এই জয় তারা উৎসর্গ করেছে চোট পেয়ে ছিটকে পড়া রাদামেল ফ্যালকাওকে। এএফপি।