মাঠেই জবাব দিতে চান মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেসি যতটা বার্সেলোনার, ততটা আর্জেন্টিনার নয়।’ বয়স মাত্র ২২। এই বয়সেই নিন্দুকদের এমন তেতো কথায় লিওনেল মেসির মনটা বিষিয়ে গেছে। কিন্তু মুখ সব সময় বন্ধই রেখেছেন তিনি। সামনেই বিশ্বকাপ এবং আর্জেন্টাইনদের শিরোপা-স্বপ্নের মধ্যমণি তিনি, এই সময়ে মেসি মুখ বন্ধ রাখবেন কী করে?মুখ খুললেন এবং প্রথমবারের মতো সদা নীরব মুখখানা খুলে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার জার্সিটা কোনোভাবেই তাঁর জন্য বোঝা নয়, প্রত্যাশার চাপে তিনি ভেঙে পড়েন না। আর তিনি যে ‘চোকার’ নন, এটা এই বিশ্বকাপেই প্রমাণ করবেন।দক্ষিণ আফ্রিকা-যাত্রার লক্ষ্যে কোচ ডিয়েগো ম্যারাডোনা মূল প্রস্তুতি শুরু করবেন আজ থেকে। স্পেনে বার্সেলোনার সফল অভিযান শেষ করে গত পরশুই ম্যারাডোনার দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলার। স্পেন থেকে বুয়েনস এইরেস বিমানবন্দরে এসে নামতেই বিশ্বসেরা ফুটবলারকে মৌমাছির মতো ছেঁকে ধরেন সাংবাদিকেরা। মেসিও নিরাশ করেননি তাঁদের। ভেতরে পুষে রাখা ক্ষোভ যেমন উগরে দিয়েছেন, শুনিয়েছেন আশার বাণী। ব্যক্ত করেছেন বিশ্বকাপ ঘরে তোলার প্রতিশ্রুতি।বার্সেলোনার তারকা মেসি আন্তর্জাতিক ফুটবলে হারিয়ে যান—প্রথমেই দিয়েছেন নিন্দুকদের এমন সমালোচনার জবাব, ‘আর্জেন্টিনার হয়ে আমি সেটাই করার চেষ্টা করি, যা আমি বার্সেলোনায় করি।’ পরক্ষণেই হয়তো তাঁর মনে পড়ে যায় উত্তরটা মাঠে দিলেই ভালো হবে, ‘বার্সেলোনার খেলাটাই আর্জেন্টিনার হয়ে খেলে দেখানোর জন্য বিশ্বকাপ হতে পারে একটি সুন্দর সুযোগ। উত্তরটা মাঠেই দিতে চাই আমি।’কোচের ভূমিকায় ‘আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর’ ম্যারাডোনা। কোচের প্রধান অস্ত্র দুনিয়া কাঁপানো মেসি। দুইয়ে মিলে আর্জেন্টাইনরা বিশ্বকাপের তৃতীয় ট্রফির স্বপ্নে বিভোর। মেসিও দেখছেন শিরোপা-স্বপ্ন, ‘বিশ্বকাপে আমরা সত্যি ভালো করব, এই আশা ও আকাঙ্ক্ষায় আমি পূর্ণ।’মেসি যতই বলুন প্রত্যাশার চাপে তিনি ভেঙে পড়েন না, পরিসংখ্যানে কিন্তু তাঁর এই কথার প্রতিফলন নেই। বার্সেলোনার হয়ে ১৪৪ ম্যাচ খেলেই ফিফা এবং ব্যালন ডি’অর জেতা মেসি ৮৮ গোলের মালিক, যার ৪৭টিই এই মৌসুমে। বিপরীতে আকাশি-নীল জার্সি পরে খেলা মেসি যেন ছন্দহীন। ৪৪ ম্যাচে তাঁর গোল মোটে ১৩টি, যার শেষটি করেছিলেন ২০০৯ সালের ১৪ নভেম্বর। তার ওই গোল সত্ত্বেও আর্জেন্টিনা স্পেনের কাছে প্রীতি ম্যাচে হেরেছিল ১-২ গোলে। ভক্ত-সমালোচক—বার্সেলোনার মেসির প্রশংসা সবার মুখেই। কিন্তু আর্জেন্টিনার মেসির বিপক্ষেই লোকের যত সংশয়। এই মেসিকে বার্সেলোনার মেসিতে রূপান্তর করাই তাই মেসির জন্য বড় চ্যালেঞ্জ।ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড—বোদ্ধাদের ফেবারিট তালিকাটা এমনই। যেখানে ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনা অনেক নিচে। এই যে লোকে আর্জেন্টিনাকে বড় ফেবারিট দেখছে না, এটাকে বড় করে দেখছেন মেসি, ‘আমি বিশ্বাস করি, এটা আমাদের জন্য ভালো।’ ফুটবল-পণ্ডিতেরা আর্জেন্টিনার তেমন সম্ভাবনা না দেখলেও মেসি শক্ত প্রার্থীই মনে করছেন নিজেদের, ‘কেউ না ভাবতে পারে, কিন্তু আমি মনে করি, শিরোপা জয়ে আর্জেন্টিনা জোরাল প্রার্থী।’দেখা যাক, মেসি মেসি হয়ে জ্বলতে পারেন কি না! এএফপি।