মাঠেই বোলিং অ্যাকশনের পরীক্ষা
যেসব বোলারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ, এত দিন তাদের আইসিসি অনুমোদিত বায়োমেকানিকস ল্যাবেই পরীক্ষা দিতে হতো। এবার পুরো পদ্ধতিটাকে আরও সাশ্রয়ী ও কার্যকর করতে যুগান্তকারী এক আবিষ্কারই করেছেন অস্ট্রেলিয়ার একদল বিশেষজ্ঞ। একদমই হালকা নতুন এক ধরনের ‘ইনার্শিয়া সেন্সর’ উদ্ভাবন করেছেন তাঁরা, যেটা কিনা লাগানো থাকবে বোলারদের বাহুতে। কেউ আইসিসির নির্ধারিত মাত্রা ১৫ ডিগ্রির চেয়ে বেশি হাত বাঁকালে সেটা সেন্সরেই ধরা পড়বে। সবচেয়ে বড় কথা হলো, ম্যাচের সময়ই বোঝা যাবে কার অ্যাকশন কতটুকু নিখুঁত। এর আগে ব্রেট লি, মুত্তিয়া মুরালিধরন, শোয়েব আখতারদের বোলিং অ্যাকশন নিয়ে কম বিতর্ক হয়নি। আর এখনকার বোলারদের মধ্যে ভারতের হরভজন সিং ও পাকিস্তানের সাঈদ আজমলের মতো বোলারদেরও পড়তে হয়েছে আইসিসির আতশ কাচের নিচে।নতুন এই প্রযুক্তির ফলে বোলাররাই আখেরে লাভবান হবে বলে আইসিসির দাবি। এর মাঝেই আইপ্যাড ও মুঠোফোনে এ ধরনের সেন্সরের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে। আইসিসি বলছে, বোলারদের পারফরম্যান্সেও কোনো বিরূপ প্রভাব ফেলবে না এটা। আইসিসি জানিয়েছে, এটা বোলিং অ্যাকশন নিয়ে গবেষণার মোটে দ্বিতীয় ধাপ, পুরো পদ্ধতিকে আগাপাশতলা ত্রুটিমুক্ত করতে এই খাতে আরও বিনিয়োগেরও ঘোষণা দিয়েছে তারা। ২০১৩ নাগাদ এই ধাপের পরীক্ষা-নিরীক্ষা চলবে, ২০১৪ থেকে শুরু হবে তৃতীয় ধাপের গবেষণা। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন তো নতুন এই প্রযুক্তি ব্যবহার করার জন্য মুখিয়ে আছেন বলেই মনে হচ্ছে, ‘আইসিসি খুব দ্রুতই সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে এটার প্রয়োগ দেখতে চায় ও বিশ্বাস করে, অবৈধ বোলিং অ্যাকশন খতিয়ে দেখতে এটা হতে যাচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।’ এ জন্য অস্ট্রেলিয়ার গবেষক দলকে ধন্যবাদ জানাতেও ভোলেননি রিচার্ডসন। এএফপি।