মাঠেও জবাব
মুখে জবাব আগেই দিয়েছেন। ল্যান্ডন ডনোভান এবার কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানকে জবাব দিলেন অন্যভাবেও। জোড়া গোল করে বুঝিয়ে দিলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল থেকে তাঁকে ছেঁটে ফেলার সিদ্ধান্তটা সঠিক ছিল না! যুক্তরাষ্ট্রের ২৩ সদস্যের বিশ্বকাপ দলে ডনোভানকে রাখেননি কোচ ক্লিন্সমান। ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের বাদ পড়া নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড় চলছে। দিন দুই চুপ থাকার পর মুখ খুলে ডনোভান নিজে স্পষ্ট করে বলেছেন, ব্রাজিলে যাওয়াটা তাঁর প্রাপ্য ছিল। পরশু মাঠে নেমেও জবাব দিয়েছেন এলএ গ্যালাক্সির হয়ে জোড়া গোল করে । গড়েছেন মেজর লিগ সকারে সর্বোচ্চ গোলের রেকর্ড। রেকর্ড গড়েছেন নিজের প্রথম গোলটি করেই। দ্বিতীয়টি করে সংখ্যাটাকে নিয়ে গেছেন ১৩৬-এ। ডনোভান ভেল্কিতে এলএ গ্যালাক্সিও ফিলাডেলফিয়াকে হারিয়েছে ৪-১ গোলে। ম্যাচ শেষে ডনোভানের কণ্ঠে বিশ্বকাপের স্বপ্নভঙ্গের আক্ষেপ, ‘এই তিনটি দিন ছিল খুবই আবেগের৷ সত্যিই অনেক উত্থান-পতনের ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকে।’ এএফপি।