মাঠের খেলায় হারছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হয়ে গেলেন ভারতের শেষ ব্যাটসম্যান ইশান্ত শর্মা। চতুর্থ দিনে রোমাঞ্চকর হয়ে ওঠা টেস্টটা জিতল নিউজিল্যান্ড। বোলার ট্রেন্ট বোল্টকে ঘিরে উত্সবে উদ্বেল পুরো নিউজিল্যান্ড দল। কাল অকল্যান্ডের ইডেন পার্কে, ওয়েবসাইট
আউট হয়ে গেলেন ভারতের শেষ ব্যাটসম্যান ইশান্ত শর্মা। চতুর্থ দিনে রোমাঞ্চকর হয়ে ওঠা টেস্টটা জিতল নিউজিল্যান্ড। বোলার ট্রেন্ট বোল্টকে ঘিরে উত্সবে উদ্বেল পুরো নিউজিল্যান্ড দল। কাল অকল্যান্ডের ইডেন পার্কে, ওয়েবসাইট

প্রথম ইনিংসে ২২৪ রান করে দলকে তুলে দিয়েছিলেন ৫০৩ রানের পাহাড়ে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠল ব্রেন্ডন ম্যাককালামের হাতেই। কিন্তু নিউজিল্যান্ড-অধিনায়ক নিজেও জানেন এবং মানেন, অকল্যান্ডে ৪০ রানের রোমাঞ্চকর জয়ের আসল নায়ক নিল ওয়াগনার! নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ এবং ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করার সম্ভাবনা জাগানো ভারতকে জিততে দেননি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত বাঁহাতি পেসারই।

প্রথম ইনিংসে ভারতকে ২০২ রানে শেষ করে দেওয়ায় মূল ভূমিকা তাঁর। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট। সবচেয়ে বড় কথা, যেভাবে ও যে সময়ে তিনি উইকেটগুলো তুললেন! আগের তিন দিনের চেয়ে ইডেন পার্কের পিচ অনেক নিরীহ হয়ে পড়েছে। সুইং মিলছে না তেমন। ভারতীয়রা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বের করে নেওয়ার হুমকি দিচ্ছে। এমন সময়ই মোক্ষম আঘাতগুলো হানলেন ওয়াগনার। নিজে সেঞ্চুরি করে শিখর ধাওয়ান তৃতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে যোগ করলেন ১২৬ রান। একসময় স্কোরবোর্ডে ২ উইকেটে ২২২। ৮ উইকেট হাতে ১৮৫ রান পাড়ি দিয়ে দলকে জয়ে নোঙর করানো খুবই সম্ভব। তখনই দৃশ্যপটে ওয়াগনার। সরিয়ে দিলেন দুটি কাঁটাই। প্রথমে বিরাট কোহলি, বাইরে বেরিয়ে যাওয়া বলে পুল করে কোহলি (৬৭) ক্যাচ উইকেটকিপার ওয়াটলিংয়ের হাতে। ২৬ রান পর দুর্দান্ত এক বাউন্সারে ফেরালেন ভারতীয় প্রতিরোধের নেতা ধাওয়ানকে।

অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরির পর মাঝের সাত ইনিংসে বাঁহাতি ওপেনারের সর্বোচ্চ রান ছিল ৩৩। পুরোনো বলে লক্ষ্যে এগিয়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছিলেন রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। কিন্তু নিউজিল্যান্ড নতুন বল নিতেই তাঁদের সর্বনাশ। ট্রেন্ট বোল্টের করা প্রথম বলটিতেই এলবিডব্লু রাহানে। খানিকটা দুর্ভাগা রাহানে, বল লেগেছিল তাঁর ব্যাটে। এই সিদ্ধান্ত ছাড়া পুরোটাই কিউই পেসারদের বীরত্বগাথা। মাত্র ২ রান পরই সাউদির প্রায় ‘আনপ্লেয়েবল’ এক বলে রোহিত ক্যাচ উইকেটকিপারের হাতে। সত্যিকার অর্থে এর পরই শুরু ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর অংশটুকু। জয়ের জন্য দরকার ১৩৭ রান। ধোনি ও জাদেজা পাল্টা আক্রমণে ৩৪ বলে গড়েন ৫৪ রানের জুটি। মিড অনের হাতে ক্যাচ দিয়ে জাদেজা ফিরে যাওয়ার পরই অবশ্য আবার বদলে যায় ম্যাচের রং। জয়ের বন্দর তখনো ৮৩ রান দূরে। জহির খান-ধোনি জুটিও একটু হুমকি ছড়াচ্ছিল। অবশেষে ধোনি-কাঁটাটাও তুলে নেন ওয়াগনার। এরপর ৩৬৬ রানে শেষ ভারত। বিদেশের মাটিতে ১১ টেস্টে ক্রিকেট ‘অধীশ্বর’দের দশম হার!

শরীরে ভয়ের একটা শীতল স্রোত অনুভব করেছিলেন ম্যাককালাম। এই অনুভূতি যিনি তাড়িয়েছেন, সেই ওয়াগনারের প্রশংসায় পঞ্চমুখ তো তাই হবেনই, ‘সে অসাধারণ। এই পিচে এবং ভারতের মতো ব্যাটিং লাইনআপের বিপক্ষে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে সে-ই।’ পরাজয়ে গর্বের অনুভূতি আছে ভারত-অধিনায়ক ধোনিরও, দ্বিতীয় ইনিংসে তাঁর দলের বোলিং ও ব্যাটিংয়ে লড়াইয়ে ফেরার গর্ব। তথ্যসূত্র: সনি সিক্স ও এএফপি।

অধিনায়ককে তো এমন কিছু খুঁজতেই হয়! ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টেস্টেও হার—মাঠের বাইরে ভারত পেশিশক্তি দেখাচ্ছে ঠিকই, কিন্তু মাঠে জুটছে একের পর এক পরাজয়।