মাঠের পরীক্ষায় রিয়াসাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়ার পরীক্ষা আগেই নিয়েছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। পরীক্ষা নিয়েছেন আরেক প্রবাসী আনন্দ রহমানেরও। ডেনমার্কের জামাল ভূঁইয়া টিকলেও আনন্দ ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। মাত্র এক দিন অনুশীলনে যোগ দিয়েই যুক্তরাষ্ট্রে ফিরেছেন ফারহান খান। কাল ক্রুইফের দলে যোগ দিলেন জার্মানিপ্রবাসী রিয়াসাত খাতন। স্থানীয় কোচ সাইফুল বারী (টিটু), মারুফুল হক, ফুটবলার আমিনুল হক এসেছিলেন প্রস্তুতি ম্যাচ দেখতে। গণমাধ্যমের কর্মীদের পাশাপাশি তাঁদেরও আগ্রহের কেন্দ্রে ছিলেন রিয়াসাত। কিন্তু জাতীয় দলের ধারাবাহিক প্রস্তুতি ম্যাচের কালকের সেরা একাদশে ঠাঁই হয়নি রিয়াসাতের। তাঁকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত। প্রথমার্ধটা বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাইড বেঞ্চেই কাটিয়ে দিলেন। দ্বিতীয়ার্ধে ডাগ-আউটের পেছনে লিংকন, রেজাউল, আরিফুলদের সঙ্গে বেশ কিছু সময় ওয়ার্মআপ করলেন। অবশেষে ডাক পড়ল রিয়াসাতের। ওয়াহেদ ও লিংকনের সঙ্গে বদলি হিসেবে মাঠে নামেন জার্মানির ক্লাব বিভি ক্লোপেনবার্গের মিডফিল্ডার। ম্যাচ শেষে বললেন, ‘বাংলাদেশের আবহাওয়ায় একটু সমস্যা হচ্ছে। মানিয়ে নিতে একটু সময় লাগবে।’হাঁটুর চোটের কারণে গত দেড় বছর মাঠে অনিয়মিত ছিলেন রিয়াসাত। তবে এখন অনেকটাই সুস্থ বলে জানালেন, ‘ইনজুরির কারণে গত দেড় বছর খুবই বাজে কেটেছে আমার। তবে এখন আমি চোটমুক্ত।’ যদিও ফিটনেস ট্রেনার মোহামেত ইয়ামালি বললেন উল্টোটাই, ‘সে এখনো পুরো চোটমুক্ত নয়।’প্রস্তুতি ম্যাচে জয়ের ধারাতেই আছে জাতীয় দল। চারটি প্রস্তুতি ম্যাচেই জয়। বাফুফে একাদশকে কাল তারা হারিয়েছে ২-১ গোলে। জাতীয় দলের দুটি গোলই করেছেন তকলিচ। পেনাল্টি থেকে একমাত্র গোল শোধ করেন ইউসুফ সিফাত। ২৭ জনের দলটি নিয়ে ক্রুইফের পরীক্ষা-নিরীক্ষা চলছেই। ২৩ জনের চূড়ান্ত দলের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।