
দুয়ারে বিশ্বকাপ।এ উপলক্ষে বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির সঙ্গে পাঠকদের নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা।আজ থাকছে ইতালিয়ান কিংবদন্তি জিউসেপ্পে মিয়াজ্জা নিয়ে বিশেষ রচনা—
বিশ্বকাপ বিজয়ী কোচ ভিত্তরিও পোজ্জো একবার বলেছিলেন, দলে মিয়াজ্জা থাকা মানে যে কোনো ম্যাচই ১-০-তে এগিয়ে থেকে শুরু করা। কোচের এ কথা থেকেই বোঝা যায় ইতালি তথা বিশ্ব ফুটবলে মিয়াজ্জার অবদান।১৯৩৪ ও ১৯৩৮ পরপর দুইবার ইতালিকে জিতিয়েছেন বিশ্বকাপ শিরোপা।প্রথমবার মাঠের নেতা হিসেবে বিশ্বকাপ শিরোপা জুলে রিমে ট্রফির পাশাপাশি সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরস্কার জেতা মিয়াজ্জা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপটি জয় করেছিলেন দলনেতা হিসেবেই।
১৯৩৪ বিশ্বকাপে ইতালি একটি রিপ্লে ম্যাচসহ মাত্র পাঁচটি ম্যাচ খেলেই জিতে নেয় বিশ্বকাপ।প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় ইতালি ৭-১ গোলে হারায় যুক্তরাষ্ট্রকে।মিয়াজ্জা করেন একটি গোল।তখনকার বিশ্বকাপের নিয়ম অনুযায়ী স্পেনের সঙ্গে ১-১ ড্র হওয়া ম্যাচটি পরদিন আবার অনুষ্ঠিত হয়।মিয়াজ্জার একমাত্র গোলে এবার জয় পায় ইতালি।সেমিফাইনালে তত্কালীন ফুটবল পরাশক্তি অস্ট্রিয়ার বিপক্ষেও ১-০ গোলে জেতে।বেশ কজন ডিফেন্ডারকে ফাঁকি দেওয়া মিয়াজ্জার দুর্দান্ত আক্রমণ শেষ পর্যন্ত গোলরক্ষক রুখে দিলেও ফিরতি বল থেকেই ম্যাচের একমাত্র গোলটি করেন এনরিক গোয়াইতা।চোকোস্লোভাকিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলে জেতা খেলাতে ম্যাচ নির্ধারণী গোলেও ছিল মিয়াজ্জার অবদান।মিয়াজ্জা আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং আসরের সেরা একাদশে স্থান করে নেন।
মিয়াজ্জা ১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপে যান ইতালির অধিনায়ক হিসেবে।ইতালির ক্ষমতায় তখন স্বৈরশাসক বেনিতো মুসোলিনি।মুসোলিনি অধিনায়ক মিয়াজ্জাকে একটি টেলিগ্রাম পাঠান।কথিত আছে সেই টেলিগ্রামের সারসংক্ষেপ ছিল—উইন অর ডাই!
জীবন বাঁচাতেই কিনা কে জানে, মিয়াজ্জারা দেশে ফিরেছিলেন টানা দ্বিতীয় শিরোপা নিয়েই।মাত্র চারটি ম্যাচ জিতেই বিশ্বকাপ শিরোপা।শিরোপার পথে ইতালি পরাজিত করে নরওয়ে, স্বাগতিক ফ্রান্স, শক্তিশালী ব্রাজিল এবং আসরের চমক হাঙ্গেরিকে।সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে মিয়াজ্জা করেন জয়সূচক গোলটি।এটিই ছিল ইতালির হয়ে মিয়াজ্জার শেষ আন্তর্জাতিক গোল।ফাইনালে হাঙ্গেরির বিপক্ষে ৪-২ গোলের জয়ে মিয়াজ্জার সহায়তায় হয় দুটি গোল।
বিশ্বকাপ জয়ের পরের বছর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেন মিয়াজ্জা।জাতীয় দলের হয়ে ৫৩ ম্যাচ খেলে করেন ৩৩ গোল, পরাজিত হন মাত্র ছয়টি ম্যাচে।বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সেরা খেলোয়াড় মিয়াজ্জা।জাতীয় দলের হয়ে ৫৩ ম্যাচে ৩৩ গোল করা এই ফরওয়ার্ড এখনো ইতালির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
ইতালিয়ানদের মধ্যে প্রথম বিশ্বব্যাপী তারকাখ্যাতি এবং ব্যক্তিগত স্পনসর পাওয়া ফুটবলারও তিনি।নারী এবং মদের প্রতি অধিক আসক্তি কোনো গুরুত্বপূর্ণ ম্যাচের আগের রাতে এমনকি ম্যাচ শুরুর আগমুহূর্ত পর্যন্তও হয়তো আবিষ্ট করে রাখত জাতীয় দলের একমাত্র খেলোয়াড় হিসেবে ধূমপানের অনুমতিপ্রাপ্ত মিয়াজ্জাকে।কিন্তু লোক পাঠিয়ে ‘খুঁজে এনে’ মাঠে নামিয়ে দিলেই সেই জাদুকরী মিয়াজ্জা।কেবল সমালোচকদের মুখ বন্ধ করাই নয়, খেলায় নিয়মিত নাস্তানাবুদ করতেন প্রতিপক্ষের রক্ষণ কিংবা গোলরক্ষককে।গোলপোস্টের বাইরে চলে যেতে যেতে বলের শেষ মুহূর্তে গোলে ঢুকে পড়া ‘ডেড লিফ টেকনিক’ বা গোলরক্ষককে পোস্টের বাইরে ডেকে এনে ফাঁকি দিয়ে গোল দেওয়ার ‘অ্যাড ইনভিতো’ বা ‘আমন্ত্রণমূলক গোল’সহ আরও অনেক কৌশলই কিংবদন্তি হয়ে আছে ফুটবল ইতিহাসে।ইন্টার মিলান ও এসি মিলানের ভাগাভাগি করে নেওয়া মিলান শহরের স্টেডিয়ামটি তাঁরই নামে।
মিয়াজ্জার ইতালির পর পর দুইবার বিশ্বকাপ জয়ের রেকর্ডে ২৪ বছর পর ব্রাজিল ভাগ বসালেও গত অর্ধশতাব্দীতে এর ধারেকাছে যাওয়া হয়নি আর কারও।মাত্র ২৯ বছর বয়সে ১৯৩৯ সালে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলা মিয়াজ্জা ক্লাব ক্যারিয়ার চালিয়ে যান ১৯৪৭ পর্যন্ত।পর পর দুটি বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে সবকিছু ওলটপালট হয়ে না গেলে, ১৯৪২ কিংবা ১৯৪৬-এর দুটি বিশ্বকাপ আয়োজন স্থগিত না হলে মিয়াজ্জা আরও একটি বিশ্বকাপে খেলতেন কি না, জয় করতেন কি না আরও একটি বিশ্বকাপ—কে জানে।