মাঠের বাইরে পোলার্ড-ঝড়
দল হেরেছে, কথা বলেনি তাঁর ব্যাটও। দেখা যায়নি সেই উন্মত্ত রূপ, পারেননি পরিস্থিতির দাবি মিটিয়ে লম্বা ইনিংস খেলতে। তার পরও কাল শেখ আবু নাসের স্টেডিয়াম দেখল পোলার্ড-ঝড়। তবে ম্যাচে নয়, ম্যাচ শেষে। ২২ গজে নয়, সংবাদ সম্মেলনকক্ষে। ব্যাট হাতে ঝড় তুলতে না পারার আক্ষেপ মেটালেন যেন মাইক্রোফোনের সামনে ঝড় তুলে। শরীরী ভাষায় ফুটে উঠল যেন খানিকটা তাচ্ছিল্য, কথার তোড়ে মিশে থাকল হুমকি!ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের ৮টিই তুলে নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। পোলার্ডের মতে, যদিও উইকেট বোলাররা পাননি, বরং তাঁরা দিয়েছেন, ‘ওরা এমন কিছু জাদুকরি বোলিং করেনি। আমরাই উইকেট উপহার দিয়েছি। আমরা যেভাবে ব্যাট করেছি, দায়টা আমাদেরই। দিন শেষে অজুহাত খুঁজে লাভ নেই। এখানে বসে আমরা দোষারোপ করতে পারি, কিন্তু আসল কথা হলো আমরা ভালো ব্যাট করিনি, যথেষ্ট রান করতে পারিনি। যথেষ্ট ধৈর্য ধরতে পারিনি, এ জন্যই ম্যাচটা হেরেছি। ব্যস!’ওয়ানডেতে বেশির ভাগ সময় এটাই হয়। বিশেষ করে, স্পিনারদের ক্ষেত্রে। টানা ভালো বোলিংয়ে চাপ সৃষ্টি করে ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করাই তো ওয়ানডে বোলিংয়ের মূলমন্ত্র! বাংলাদেশের বোলারদের কৃতিত্ব এখানেই প্রাপ্য। পোলার্ডের সেটা অজানা থাকার কথা নয়। হয়তো প্রতিপক্ষকে বড় করে দেখিয়ে মানসিক দিক দিয়ে এগিয়ে দিতে চান না!তাঁর আউটের ব্যাখ্যায় যেমন মিশে থাকল নিজের শৌর্যের গর্ব, ‘যে বলে আউট হয়েছি (শর্ট বল), দশটার মধ্যে নয়টাতেই আমি মাঠের বাইরে আছড়ে ফেলব। একটু বাড়তি বাউন্স ছিল, সরাসরি ফিল্ডারের কাছে চলে গেল। খেলাটাই এমন। কাল যদি আবার এই বল পাই, আমি একই শট খেলব। এবার বল চলে যাবে ঢাকায়!’ একজন পেসার কম খেলিয়ে অলরাউন্ডার ডোয়াইন স্মিথকে খেলালে ব্যাটিং গভীরতা বাড়ত কি না, এই প্রশ্নটাকেও যেন ঢাকায় পাঠাতে চাইলেন, ‘পরের ম্যাচে ও যদি রান না করে, তখন কী বলবেন?’এই সিরিজে ড্যারেন স্যামির ডেপুটি তিনি। ওয়েস্ট ইন্ডিজ সহ-অধিনায়কের কোনো সন্দেহই নেই যে তাঁর দল ঘুরে দাঁড়াবে, ‘বাংলাদেশ আজ একটি দল হিসেবে ভালো খেলেছে। আজকের পর আমরা জানি, আমরা বাজে খেললে বাংলাদেশ তা কাজে লাগাবে। এখনো চারটি ম্যাচ বাকি আছে, শুধু একটু গুছিয়ে নিতে হবে। আগেও আমরা এটা করেছি। সন্দেহ নেই, আবার করতে পারি।’বাংলাদেশের এমন অনায়াস জয়ের পরও পোলার্ড বারবার টেনে আনছেন নিজেদের ব্যর্থতার কথা। এই চ্যালেঞ্জের জবাব দেওয়া এখন মুশফিকদের কর্তব্যের মধ্যেই পড়ে!