মাঠের বাইরে বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস ফকনারের কথার তিরের জবাবে ম্যাচ জিতে ক্যারিবীয়দের উদ্দাম গ্যাংনাম নাচ। সুপার টেনে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পূর্বাপর ঘটনায় অনেকেরই বিশ্বাস, দুই দেশের ক্রিকেট ‘বৈরিতা’য় যোগ হয়েছে নতুন মাত্রা। ওই ম্যাচ শেষের সংবাদ সন্মেলনে ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি তো বলেই দিয়েছেন, ‘ফকনার আর কখনোই আমাদের পছন্দ করবে না।’ কথার লড়াই যতই হোক, ঘটনা যতই ঘটুক ডোয়াইন ব্রাভো বলছেন, মাঠে তারা প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে বন্ধু। ঢাকায় একই হোটেলে দুই দলের অবস্থান এবং হোটেল লবিতে নিত্যই দেখা হয় পরস্পরের সঙ্গে। সেই প্রসঙ্গ টেনে ব্রাভোর উপলব্ধি, ‘আমরা সবাই পেশাদার ক্রিকেটার। তারা (অস্ট্রেলিয়া) ম্যাচটা জিততে চেয়েছিল এবং সে জন্য করণীয় সবকিছুই করার চেষ্টা করেছে। কখনো কখনো প্রেরণার জন্য এটা করা হয় এবং অন্যরাও একই রকম জবাব দিয়ে থাকে। দুর্ব্যবহারের জবাব দুর্ব্যবহারে দেয়—এমন দল নই আমরা। আমরা চেষ্টা করেছি মাঠেই নিজেদের তুলে ধরার জন্য।’ এর পরই আসল কথাটা বললেন ব্রাভো, ‘লবিতে সবার সঙ্গে দেখা হয় আমাদের। এদিনই যেমন বিগ ব্যাশ নিয়ে কথা হলো হাডিন, ফ্রিঞ্চ এবং ওয়ার্নারের সঙ্গে। নিজের সম্পর্কেও বললাম। অবশ্যই যা ঘটেছে সেটা মাঠে। মাঠের বাইরে আমরা সবাই ভালো বন্ধু।’ ওয়েবসাইট।