মাঠের বাইরে শোয়েইনি-কাসানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ম্যাচের দ্বিতীয়ার্ধের সিংহভাগ সময়টাই দুশ্চিন্তার মধ্যে কেটেছে বায়ার্ন মিউনিখের সমর্থকদের। ৩-০ গোলে পিছিয়ে থাকা নাপোলি ২ গোল করে ফিরে আসে ম্যাচে। যেকোনো সময় সমতাসূচক গোলটিও হতে পারে। এই দুশ্চিন্তা ছিলই। শেষ পর্যন্ত তা থেকে মুক্তি মিললেও বায়ার্ন সমর্থকদের দ্বিতীয় দুশ্চিন্তার কারণ হয়ে থাকলেন বাস্তিয়ান শোয়েনস্টেইগার। দলের মাঝমাঠের ভরসা হয়ে থাকা এই ২৭ বছর বয়সী শোয়েইনি পরশু ম্যাচে চোট পেয়েছেন। কলারবোন ভেঙে গেছে। এ বছর আর খেলাই হবে না বায়ার্নের সহ-অধিনায়কের।স্ট্রেচারে করে মাঠ ছাড়া শোয়েনস্টেইগারের ভাঙা হাড় জোড়া লাগাতে কাল জার্মানিতে হয়েছে অস্ত্রোপচার। আজও হাসপাতালে থাকতে হবে তাঁকে। এর পর বাড়িতে ফিরলেও আগামী দুই সপ্তাহ পুরো বিশ্রামে থাকবেন। এর পর শুরু হবে তাঁর পুনর্বাসন-প্রক্রিয়া। পুরো সুস্থ হতে ছয় সপ্তাহ লেগে যাবে তাঁর।ওদিকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এসি মিলান স্ট্রাইকার আন্তোনিও কাসানো। কদিন আগে হূৎপিণ্ডে সমস্যা ধরা পড়ে তাঁর। হূৎপিণ্ড থেকে মস্তিষ্কে রক্ত সরবরাহ কম থাকায় ছোটখাটো স্ট্রোক করেছিলেন কাসানো। এখন হূৎপিণ্ডে অস্ত্রোপচার করাতে হবে তাঁর। এ অস্ত্রোপচারটি মারাত্মক নয় বলছেন চিকিৎসকেরা। তবে আগামী কয়েক মাস কাসানো মাঠেও ফিরতে পারবেন না বলে জানানো হয়েছে। এএফপি, রয়টার্স।