মাঠের বাইরেও আজমল
ইংলিশ সাম্রাজ্যের ভিত কি এক দিনেই নাড়িয়ে দিলেন সাঈদ আজমল? ম্যাট প্রায়র বলছেন, আজমল সত্যিই বড় এক হুমকি। মাইকেল ভনের ধারণা, খুব দ্রুত আজমল-রহস্য ভেদ করতে না পারলে সিরিজ হারতে হবে ইংলিশদের। আরেক সাবেক ইংল্যান্ড অধিনায়ক বব উইলিস তো প্রশ্ন তুলেছেন আজমলের অ্যাকশন নিয়েই। দুসরা করার সময় আজমলের কনুই নাকি বেশি বেঁকে যায়!গত পরশু দুবাই টেস্টের প্রথম দিনে প্রায়রই আজমল-রহস্য যা একটু ভেদ করতে পেরেছেন। ৭০ রানে অপরাজিত থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান আজমলকে ‘আনপ্লেয়েবল’ও বলছেন না, ‘ঘটনা হলো, ওকে যেভাবে খেলা উচিত, আমরা তা খেলতে পারিনি। ওর একটা ভালো দিন গেছে, ভালো বোলিং করেছে।’ তবে ভনের ধারণা, এটা শুধুই ‘একটা ভালো দিন’-এর ব্যাপার নয়, ‘প্রথম দিনেই আজমল যা করেছে, এমনটা করতে থাকলে দলকে ও সিরিজ জিতিয়ে ছাড়বে। ইংল্যান্ডের এই দলের জন্য সিরিজটা হবে চ্যালেঞ্জিং। কারণ, তারা উপমহাদেশে খুব বেশি খেলেনি, এমন বিশ্বমানের স্পিনারকেও খেলতে হয়নি। বল খুব বেশি টার্ন করেনি, তার পরও আজমল ৫৫ রানে ৭ উইকেট পেয়েছে, ১১২ রানে ৯ উইকেট পেয়েছে স্পিনাররা।’অ্যাকশনের জন্য ইংলিশদের কাছে আজমলকে আরও বেশি দুর্বোধ্য মনে হচ্ছে বলে ধারণা সাবেক অধিনায়কের, ‘আজমলের মতো একজন অফ স্পিনারের বিপক্ষে মানিয়ে নিতে বেশ সময় লাগে। কারণ, ওর বোলিংয়ে কবজির ব্যবহার অনেক বেশি। হাতটাকেও দারুণভাবে ব্যবহার করে। এ কারণেই বল হঠাৎ করে শেষ মুহূর্তে স্পিন করে। ইংল্যান্ডে অফ স্পিনাররা সাধারণত প্রথাগতই হয়, রহস্যময় কিছু নেই। ইংল্যান্ড থেকে কি আজমলের মতো অ্যাকশনের কোনো বোলার বেরোনো সম্ভব? আমি নিশ্চিত নই, কারণ কোচরা তা হতে দেবে না। এমন একজনকে পেলে আমার ভালো লাগত, কিন্তু মনে হয় না আমরা কখনোই তা পাব।’অথচ এই অ্যাকশন নিয়েই জোর আপত্তি উইলিসের। বোলারদের হাত ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকাতে দেওয়ায় ধারাভাষ্যে আইসিসিকে এক হাত নিয়েছেনও সাবেক ফাস্ট বোলার। তবে কাউকে খুব একটা পাশে পাচ্ছেন না উইলিস। জিওফ বয়কটের ভাষ্য, ‘মুরালিধরন ৮০০ উইকেট পেতে পারলে আজমলও এভাবে বোলিং করায় আমরা লাফঝাঁপ শুরু করতে পারি না।’ নাসের হুসেইন বলছেন, ‘এটা নিশ্চয়ই আজমলের অভিষেক ম্যাচ নয়!’ সাবেক উইকেটকিপার ও আজমলের কাউন্টি উস্টারশায়ারের কোচ স্টিভ রোডস পাল্টা আক্রমণ করেছেন উইলিসকে, ‘কথাটা উইলিস বলেছেন বলেই আমি বিস্মিত হইনি। কারণ, আমিসহ সব ক্রিকেটারই কোনো না কোনো সময় ওর রোষানলে পড়েছে। আজমল দারুণ প্রতিভাবান ও স্কিলফুল এক বোলার। পরশ্রীকাতর হয়েই লোকে ওর অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছে।’ ওয়েবসাইট।