মাঠের বাইরেও খেলছে জিম্বাবুয়ে
প্রকৃতি কি সব সবুজ এখানেই ঢেলে দিল! একপাশে জিমনেসিয়াম, আর অন্য পাশে কফিবার রেখে মাঠে পা রাখতেই সবুজ কোনো ক্যানভাসে ঢুকে পড়ার অনুভূতি হবে। ডান দিকে তাকালে দৃষ্টি হারিয়ে যাবে গলফ কোর্সের দিগন্তে। সামনে খোলা মাঠ, ওপারে উঁচু দেয়াল হয়ে দাঁড়িয়ে গাছের সারি। গাছগাছালিতে ঢাকা বাঁ দিকটাও। প্র্যাকটিসের জন্য একটা ইনডোর। পাশে হাই পারফরম্যান্স সেন্টার, যেটার অসম্পূর্ণ কাঠামো সবুজের প্রাণস্পন্দনের মধ্যে মন খারাপের অনুভূতি জাগায়। মানসিক ভারসাম্য হারিয়ে মার্ক ভারমিউলেন আগুন লাগিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমির এই ভবনেই।জিম্বাবুয়ে ক্রিকেটের কাছ থেকে সম্প্রতি কান্ট্রি ক্লাব-লাগোয়া হাই পারফরম্যান্স সেন্টারটা কিনে নিয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক অ্যালিস্টার ক্যাম্পবেল। জিম্বাবুয়ে জাতীয় দলের খেলোয়াড়দেরও এখন একাডেমির সুযোগ-সুবিধা ডলার দিয়ে কিনতে হয়। ক্যাম্পবেল ডাফ হিগিন্সকে দায়িত্ব দিয়েছেন ক্রিকেট মাঠ আর পাশের গলফ কোর্স দেখাশোনার। এই হিগিন্সের সৌজন্যেই কাল জিম্বাবুয়ে ক্রিকেটের ছলচাতুরীর প্রমাণ পেয়ে গেল বাংলাদেশ দল।সফর শুরুর আগে থেকেই জিম্বাবুয়ে ক্রিকেট যত রকম কৌশল করা সম্ভব, তা করে যাচ্ছে। প্রথমে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি বদলে প্রথমে টেস্ট সিরিজ হচ্ছে। বাংলাদেশ বুলাওয়েতে একটি টেস্ট খেলতে চাইলেও দুটি টেস্টই হচ্ছে হারারেতে। এখানে আসার পর থেকে অনুশীলনের সুবিধা নিয়েও বাংলাদেশ দল মহা অসন্তুষ্ট। কালই যেমন বাংলাদেশ নেটে ছয়জন স্থানীয় পেসার চেয়েছিল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে গিয়ে দেখা গেল, সেখানে চারজন স্পিনার ও দুজন পেসার। সফরে সাধারণত এক দিন এক দল সকালে অনুশীলন করলে পরদিন করে বিকেলে। কিন্তু এখানে বাংলাদেশ দল সকালে অনুশীলনের সুযোগই পাচ্ছে না। সকালে জিম্বাবুয়ে দল প্র্যাকটিস করে যাওয়ার পর উইকেটে পানি ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ আছে। দুপুরে গিয়ে বাংলাদেশ তাই ভালো উইকেট পায় না। নিয়মিত এই সমস্যার মুখোমুখি হওয়ায় বাংলাদেশ দল নিজেরা মাঠ ভাড়া করে হলেও অন্য কোথাও অনুশীলন করতে চেয়েছিল। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বলেছে, সে ব্যবস্থা নেই।কথাটা যে ঠিক নয়, কাল তা জানিয়ে দিলেন হিগিন্স, ‘আর কোথাও অনুশীলন করা যাবে না, কথাটা ঠিক নয়। আমরা মাঠ ভাড়া দিই, ইনডোর ভাড়া দিই। বাংলাদেশ দল চাইলে যেকোনো সময় এখানে এসে অনুশীলন করতে পারে।’ ইনডোরে দাঁড়িয়ে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে হিগিন্সের কথা শুনছিলেন বিসিবির কর্মকর্তা আহমেদ সাজ্জাদুল আলমও। হিগিন্স যে ভুল বলেননি, সেটার প্রমাণ গতকালই মিলেছে। হারারে স্পোর্টস ক্লাব মাঠের প্রেসবক্সের ওপরের ছোট জিমনেসিয়ামে টেলিভিশন ক্যামেরা বসে যাওয়ায় সেখানে জিম করতে সমস্যা হচ্ছিল। জিম্বাবুয়ে ক্রিকেটও অন্য বিকল্প ব্যবস্থা করেনি। অগত্যা নিজেদের উদ্যোগে ওই কান্ট্রি ক্লাবের জিমই কাল ব্যবহার করেছে বাংলাদেশ দল। ম্যানেজার তানজীব আহসান অবশ্য বলেছেন, ‘জিমনেসিয়াম প্রথমে আমরাই ভাড়া নিয়েছিলাম। পরে জিম্বাবুয়ে ক্রিকেট বলেছে ভাড়ার টাকা তারা দিয়ে দেবে।’জিম্বাবুয়েতে এসে প্রতিবারই এ জাতীয় সমস্যায় পড়ে বাংলাদেশ দল এবং প্রতিবারই দলের সঙ্গে আসা বোর্ড কর্মকর্তারা স্বচক্ষে এগুলো দেখে যান। অথচ আজ পর্যন্ত পরিস্থিতি এতটুকু বদলায়নি। দলের সঙ্গে এবার আসা বোর্ড কর্মকর্তা আহমেদ সাজ্জাদুল আলমের আশ্বাসে তাই ভরসা রাখা কঠিন, ‘এখানে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, দেশে ফিরে আমি সেটা বোর্ডকে জানাব। আশা করি, ভবিষ্যতে আমরা এসব ব্যাপারে আরও সতর্ক হব।’বাংলাদেশ দলের কোচ শেন জার্গেনসেন অবশ্য ঠিক করে ফেলেছেন ভবিষ্যতে জিম্বাবুয়েতে এলে কী করতে হবে, ‘প্রয়োজনে আমরা এখানে এসে নিজেদের পছন্দমতো মাঠ ভাড়া করে অনুশীলন করব।’ টেস্ট সিরিজ শেষে বুলাওয়ে যাওয়ার আগে এক দিন কান্ট্রি ক্লাবে অনুশীলন করার সিদ্ধান্তও কালই পাকা করে ফেলেছেন কোচ। হিগিন্সও স্বাগত জানিয়েছেন বাংলাদেশের কোচের ইচ্ছাকে।সেটা অবশ্য জানানোরই কথা। মাস ছয়েক আগে জিম্বাবুয়ে ক্রিকেটের চাকরি ছেড়েছেন, তার পর থেকেই পিটার চিঙ্গোকার বোর্ড যেন মোটাসোটা এই ভদ্রলোকের সবচেয়ে বড় শত্রু। জিম্বাবুয়ে ক্রিকেটের যে আর কোনো ভবিষ্যৎ নেই, সেটা বারবারই বোঝাতে চাইলেন হিগিন্স। নিজের দেশের বোর্ডের প্রতি কেন তাঁর এত রাগ, সেটা হিগিন্সের মুখ থেকেই শুনুন, ‘এখানকার একটা পত্রিকায় লিখেছিল, আমি নাকি জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধানকে “বানর” বলেছি। তারা আমাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাল, জেলে নিল। জেল থেকে ছাড়া পেয়ে আমি জিম্বাবুয়ে ক্রিকেটের চাকরিই ছেড়ে দিয়েছি।’ তা চিঙ্গোকাকে বানর কেন বলেছিলেন হিগিন্স? তিনি নাকি ওটা বলেনইনি, ‘আসলে আমি যে চাকরিটা করতাম, সেটার প্রতি আরেকজনের লোভ হয়েছিল। সে-ই পত্রিকায় ওই খবর ছাপিয়ে আমাকে বিপদে ফেলেছে।’জিম্বাবুয়ের ক্রিকেটে বোধ হয় সবই সম্ভব।