মাঠের বাইরেও জমেছে আইপিএল
মাঠে আইপিএল কতটা জমেছে বলা মুশকিল। তবে মাঠের বাইরে আইপিএলের খেলাটা জমজমাট। মোটা দাগে দুই পক্ষ লড়ছে একে অন্যের বিপক্ষে। এক পক্ষে আছেন লোলিত মোদি, মাত্র তিন বছরের মাথায় অত্যুজ্জ্বল এক আন্তর্জাতিক তারকা কর্মকর্তা। অন্যদিকে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান শশাঙ্ক মনোহর আর কোষাধ্যক্ষ শ্রীনিবাসন। আপাতত যা পরিস্থিতি, আইপিএল বিতর্ক গিয়ে পৌঁছেছে ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে। ক্ষমতার বলয়ে থাকা দুই দল কংগ্রেস ও বিজেপি এখানেই দুই ভাগে বিভক্ত।ভারতীয় সংসদেও কাল এ নিয়ে শোরগোল হয়েছে। উত্তপ্ত সংসদে এদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো ইস্যু ছাপিয়ে বিতর্ক হয়েছে আইপিএল নিয়ে। বিতর্কের কেন্দ্রে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর। আইপিএলে যুক্ত হওয়া দুই নতুন দলের একটি কোচিকে অন্তর্ভুক্ত করতে থারুর তাঁর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছেন খোদ মোদি। দলের ১৫ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার তাঁর কথিত বান্ধবী সুনন্দা পুষ্করকেও বিনা মূল্যে দিয়েছেন বলেও অভিযোগ তাঁর বিরুদ্ধে।অন্যদিকে থারুর অভিযোগ করেছেন, বিজেপির আশীর্বাদধন্য মোদি গুজরাটের মুখমন্ত্রী নরেন্দ্র মোদির চাওয়া পূরণ করতে আহমেদাবাদকে আগামী আইপিএলের একটা দল বানানোর চেষ্টা করেছিলেন। শুধু তা-ই নয়, মোদির তরফ থেকে ৫ কোটি ডলারের ঘুষও সাধা হয়েছিল বলে কোচি ফ্র্যাঞ্চাইজের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। মোদির সঙ্গে কয়েকটি দলের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। আইপিএলের চেয়ারম্যানই যদি কয়েকটি দলের মালিকানার ভাগীদার হন, সেখানে নিরপেক্ষতা কোথায় থাকে!বিরোধী দল কাল থারুরের পদত্যাগের দাবিতে হট্টগোল শুরু করে দিলে সংসদের কার্যক্রম ব্যাহত হয়। থারুর ৩৩৩ মিলিয়ন ডলার খরচ করে কীভাবে কোচি দলটা কেনা হলো সে সম্পর্কে বিস্তারিত বিবৃতিতে দিতে ওঠেন। কিন্তু হট্টগোলের মধ্যে ঠিকমতো বিবৃতি পড়তে পারেননি। পরে সাংবাদিকদের তিনি জানান, ‘কোচি দলটা কেনার পেছনে নিজের আখের গুছিয়ে নেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না, ভবিষ্যতেও এখান থেকে টু-পাইস কামানোর ধান্দা আমার নেই।’দুই পক্ষেরই এমন কাদা ছোড়াছুড়ির মধ্যে পরশু আইপিএলের সদর দপ্তরে হানা দিয়েছে ভারতের কর বিভাগের কর্মকর্তারা। মোদিকে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স-এর কর্মকর্তাদের জেরার মুখে পড়তে হয়েছিল বলে খবর। যদিও মোদি ‘জেরা’ শব্দটায় আপত্তি করে বলেছেন, মিনিট পনেরো কথা হয়েছে কর্মকর্তাদের সঙ্গে। এবং তাঁরা সন্তুষ্ট চিত্তেই আইপিএল সদর দপ্তর ছেড়ে গেছেন।এই মোক্ষম সময়ে মোদি-বিরোধীরা আইপিএলে তাঁর নিরঙ্কুশ ক্ষমতা ছেঁটে ফেলার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে আইপিএলের কো-চেয়ারম্যান হিসেবে শশাঙ্ক মনোহর দায়িত্ব নিয়েছেন বলে ভারতীয় মিডিয়ার খবর। কোণঠাসা মোদি এই দুঃসময়ে সাবেক সভাপতি শারদ পাওয়ারের ছাতার তলায় আশ্রয় খুঁজছেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং আইসিসির হবু সভাপতি পাওয়ার মোদিকে সেই আশ্রয় দিচ্ছেন বলেই জানা গেছে।এদিকে ‘আনফেয়ার প্লে’র অভিযোগ শুধু মাঠের বাইরে নয়, মাঠের খেলাতেও চলছে বলে অভিযোগ। অভিযোগটা আবার করেছেন ওয়াসিম আকরামের মতো ব্যক্তিত্ব। সাবেক এই পেসার দাবি করেছেন, আইপিএলে দেদার চলছে বল টেম্পারিং। ওয়েবসাইট।