মাঠের বাইরেও তামিম-ঝড়
লর্ডসে মাঠের বাইরেও একটা ঝোড়ো হাওয়া তুলে দিলেন তামিম ইকবাল। সে হাওয়ায় পাল তুলে দিয়েছে ব্রিটিশ মিডিয়া, যে কারণে জিওফ্রি বয়কটকেও দিতে হচ্ছে তাঁর বক্তব্যের ব্যাখ্যা।পরশু সেঞ্চুরির পর তামিম বলেছেন, বয়কটের সমালোচনাই নাকি তাঁকে ভালো খেলার জন্য তাড়িত করেছে। বয়কটকে একটা জবাব দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি নেমেছিলেন মাঠে। তামিমের কাছ থেকে অপ্রত্যাশিত পাল্টা আক্রমণে বরাবরের ঠোঁটকাটা সাবেক ইংলিশ ওপেনার যেন একটু নরম। বিবিসি রেডিও ফাইভ লাইভের ধারাভাষ্যকার বয়কট ধারাভাষ্যেই চেষ্টা করেছেন তাঁর বক্তব্যের একটা ব্যাখ্যা দেওয়ার, ‘আমি মূলত বাংলাদেশের বোলিংয়ের কথাই বলেছি। এই বোলিং বড়জোর মাইনর কাউন্টি মানের হতে পারে। তবে তামিম ইকবাল অসাধারণ ব্যাটিং করেছে। ওর ইনিংসটা বিশেষ কিছু।’তামিম যেমন সেঞ্চুরি করেছেন, লর্ডস টেস্টে তেমনি শাহাদাত হোসেনও পেয়েছেন ৫ উইকেট। তার পরও বাংলাদেশের বোলিংটা কেন ভালো লাগল না, সেটা বয়কট সাহেবই ভালো বলতে পারবেন। কাল এ নিয়ে কথা বলতে গেলে তিনি কিছুই বলতে রাজি হলেন না। শুধু বললেন, ‘যাদের হয়ে ধারাভাষ্য দিই, তাদের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারব না। আমার বসের অনুমতি নিয়ে আসো।’বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে বয়কটের তুলে দেওয়া বিতর্কে জড়াতে চাইলেন না ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক মাইক আথারটন ও নাসের হুসেইনও। দুজনই এখন ধারাভাষ্যকার। আথারটন তো দ্য টাইমস পত্রিকার প্রধান ক্রিকেট প্রতিনিধিও। সাপ্তাহিক একটা কলাম লেখেন দুজনই। সেই কলামের দোহাই দিয়েই বয়কট প্রসঙ্গ বয়কট করে গেলেন আথারটন, ‘আমি নিজেও কলাম লিখি। কাজেই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না। তবে হ্যাঁ, এই টেস্টে বাংলাদেশ উন্নতির লক্ষণ দেখিয়েছি। আর তামিম খেলেছে অসাধারণ এক ইনিংস।’ এমন ঝোড়ো ইনিংস ঠিক টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ ব্যাটিং কি না—জানতে চাইলেও আথারটন তামিমের ওপরই ছাতা ধরলেন, ‘আমার কাছে তো ওর ব্যাটিং ভালোই লেগেছে।’ বয়কট প্রসঙ্গ এড়িয়ে গেলেও তামিমের ইনিংস প্রসঙ্গে একই সুর নাসের হুসেইনেরও, ‘চমৎকার ব্যাটিং করেছে ও, অসাধারণ ইনিংস।’সাবেকেরা বিতর্ক এড়িয়ে গেলেও কাল ব্রিটিশ মিডিয়ায় তামিম-বয়কট দ্বৈরথ ভালো জায়গাই পেয়েছে। গার্ডিয়ান পত্রিকার শিরোনাম, ‘বয়কটের সমালোচনার পর তামিমের দুর্দান্ত সেঞ্চুরি’। পরশু সংবাদ সম্মেলনে তামিম বয়কটের সমালোচনার জবাবে যা যা বলেছেন, তা বিশদভাবেই ছেপেছে পত্রিকাটি। দ্য ইন্ডিপেন্ডেন্ট শিরোনামে বয়কট প্রসঙ্গ না আনলেও ম্যাচ রিপোর্টের পরতে পরতে তামিম আর বাংলাদেশের প্রশংসা। রিপোর্টের এক জায়গায় লেখা হয়েছে, ‘ইংল্যান্ডের আর ইনিংস জয়ের সম্ভাবনা নেই। বরং দ্বিতীয় নতুন বল নেওয়ার সঙ্গে সঙ্গে যদি তারা ভালোভাবে আঘাত না আনতে পারে, সংগ্রাম করতে হতে পারে জিততেই।’ দ্য টেলিগ্রাফ-এর শিরোনাম, ‘জিওফ্রি বয়কটের সমালোচনায় অনুপ্রাণিত হয়ে তামিম ইকবালের সেঞ্চুরি।’ বয়কটের কথাকে তামিম কীভাবে ভুল প্রমাণ করলেন, তাই দিয়েই শুরু হয়েছে তাদের ম্যাচ রিপোর্ট। মাইকেল আথারটন তাঁর ম্যাচ রিপোর্ট শুরু করেছেন এভাবে, ‘একমাত্র পাথুরে হূদয়ের কেউ বা চূড়ান্ত নিন্দুকই শুধু তামিম ইকবাল নামে বিস্ময়ের তারিফ করতে অপারগ হবে। গত তিন মাসে ইংল্যান্ড আবিষ্কার করেছে যে, ক্রিস গেইল ও বীরেন্দর শেবাগের সঙ্গে ও বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিস্ফোরক ও আনন্দদায়ী উদ্বোধনী ব্যাটসম্যানের একজন।’ পত্রপত্রিকার এসব লেখা যাঁরা লিখেছেন, তামিমের ব্যাটিংয়ের সময় সেই ব্রিটিশ সাংবাদিকেরা প্রেসবক্সে বসেও এবার ‘আহা...উহু’ করেছেন বেশ। পাঁচ বছর আগে ফিরে যান, লর্ডস টেস্টের সময় এই ব্রিটিশ মিডিয়াই বাংলাদেশকে সমালোচনায় ক্ষতবিক্ষত করেছিল। একটা পত্রিকা লিখেছিল, ভবিষ্যতে বাংলাদেশ দলকে ক্রিকেট-তীর্থ লর্ডসের ত্রিসীমানায় আসতে দেওয়া উচিত হবে না। আরেক পত্রিকার রসিকতা ছিল, গলফের মতো বাংলাদেশের জন্য টেস্টেও ‘হ্যান্ডিক্যাপ’ চালু করতে। ধরুন, ম্যাচ শুরুর আগেই নিজেদের স্কোরবোর্ডে ফাও ২০০ রান নিয়ে খেলা শুরু করবে বাংলাদেশ।যতটা ভালো হওয়ার আশা ছিল, তা না হলেও লর্ডস টেস্টে অনার্স বোর্ডে নাম তুলে শাহাদাত আর তামিম একটা জবাব দিলেনই ব্রিটিশ মিডিয়াকে।জবাব দেওয়া হয়েছে বয়কটকেও। যদিও এই ইংলিশ ‘ভদ্রলোকের’ জন্য সেটা যথেষ্ট নাও হতে পারে। ২০০৯-এর নভেম্বরে একবার মাইক্রোফোনের সামনে উল্টো-পাল্টা বকে বয়কট পরিস্থিতি এমনই ঘোলাটে করে ফেলেছিলেন যে, পরে সেটার জন্য শ্রোতাদের কাছে ক্ষমা চাইতে হয়েছিল বিবিসিকে।