
আন্তর্জাতিক হকি ফেডারেশনের এত বড় মাপের টুর্নামেন্ট ঢাকায় আগে হয়নি। যদিও ২০০১ সালে ঢাকায় প্রাইম মিনিস্টার্স কাপে আরও বড় বড় দল এসেছিল। কিন্তু সেটি ছিল আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। তবে আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের গুরুত্বটা অন্য জায়গায়।
এই টুর্নামেন্ট আয়োজনের ওপর অনেকটা নির্ভর করছে সেপ্টেম্বরে ঢাকায় এশিয়া কাপের ভেন্যু থাকা না-থাকা। যদিও এশিয়া কাপের ভেন্যু হিসেবে ঢাকাকে আগেই নির্বাচিত করা হয়েছে। তবে নয় দিনের বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড আয়োজনে বাংলাদেশের সাংগঠনিক দক্ষতা ঠিকই দেখবে এশিয়ান হকি ফেডারেশন। খারাপ কিছু ঘটলে ভেন্যুটা বাতিলও হয়ে যেতে পারে।
সবকিছু দেখতে তাই এই প্রথম দক্ষিণ আফ্রিকার একজন নিরাপত্তা কর্মকর্তাকে ঢাকায় পাঠিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। নিরাপত্তা–ঝুঁকিতে কানাডা এই টুর্নামেন্ট খেলতে না আসায় হকির বিশ্ব সংস্থাটি এবার একটু বেশিই সতর্ক।
বিমানবন্দরে অভ্যর্থনা, হোটেল, বাসস্থান—সবকিছুতেই বাড়তি নজরদারি। মাঠেও থাকছে ভিন্নতা। মওলানা ভাসানী স্টেডিয়ামে এই প্রথম বসানো হচ্ছে দৈত্যাকার পর্দা। প্রথমবারের মতো থাকছে আইস বাথের ব্যবস্থাও। স্পনসর বোর্ড বসানো হয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশনের নির্দেশনা মেনে। অর্থাৎ সবকিছুতেই নতুনত্ব।
প্রায় সব দলই ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। ইউরোপে খেলে আসা মিসরের কোচিং স্টাফও ইউরোপের। চীন তো এখন বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরেই। দলটির র্যাঙ্কিং ১৭। মালয়েশিয়ার ১১। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের এই পর্বে মালয়েশিয়াই শীর্ষ ফেবারিট। মিসরের র্যাঙ্কিং ১৮। ওমান ৩০। বাংলাদেশ ৩৩।
বাংলাদেশ যে অনেকটাই পেছনে, তা বলে দিচ্ছে র্যাঙ্কিং। ওমান আর ফিজিকে হারিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে বাংলাদেশ না হয় কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্যটা পূরণ করল, হয়তো কোয়ার্টার ফাইনালে ঘানা ও শ্রীলঙ্কার বাধা পেরোনোও কঠিন হবে না। তবে সেমিতে চীন-মিসরের সামনে পড়লে ফাইনালে ওঠা খুব কঠিনই। বাস্তবতা মেনে তাই আশার বেলুন ফোলানোর পক্ষে নন অনেকেই।
আজ তো শুরুতেই মালয়েশিয়া-পরীক্ষা। যারা টুর্নামেন্টের শীর্ষ ফেবারিট। যদিও ১৬ বছর আগে প্রাইম মিনিস্টার্স কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। বাংলাদেশের সেই দলটির দুই সদস্য আরিফুল হক প্রিন্স ও মাহবুব এহসান রানা কাল বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে দাঁড়িয়ে বলছিলেন, ‘সেবার মালয়েশিয়াকে আমরা দুর্দান্ত খেলে হারিয়েছিলাম। ওই একবারই। মালয়েশিয়াকে হারানোর স্মৃতি আর নেই আমাদের।’ গোল করেছিলেন প্রিন্স ও শুভ।
স্মৃতিটা ফিরিয়ে আনা যে আজকের দিনে অবাস্তব চিন্তা, সেটি ভালো করেই জানেন বাংলাদেশ দলের কোচ অলিভার কার্টজ। তবে কিছুটা আশায় তিনি আছেন এই ভেবে, ‘মালয়েশিয়া যদি নিজেদের সেরাটা খেলতে না পারে তাহলে আমরা লড়াই অবশ্যই করব। সে ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে আমাদের সামনে।’ তবে মালয়েশিয়া সুযোগ দেবে না সেটি তাদের অনুশীলন পর্ব দেখেই বোঝা গেছে।
দেশটির এক টিভি রিপোর্টার বলছিলেন, চ্যাম্পিয়ন হয়েই বিশ্ব হকি লিগের পরবর্তী পর্ব অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডে খেলতে চায় মালয়েশিয়া। যা আগামী জুনে হবে লন্ডনে। এই দ্বিতীয় রাউন্ডে তিনটি ভেন্যুতে খেলছে ২৪টি দল। নয়টি দল পরের পর্বে যাবে বলা আছে আন্তর্জাতিক হকি ফেডারেশনের ওয়েবসাইটে। সে হিসেবে ঢাকার টুর্নামেন্ট থেকে তিনটি দল যাওয়ার কথা। তবে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলছেন, ‘আমাদের দেওয়া কাগজপত্রে বলা হয়েছে এখান থেকে ফাইনালে খেলা দুটি দল যাবে।’
ফাইনালে খেলার স্বপ্ন দেখছে না বাংলাদেশ, এমনটা বলা যাবে না। তবে সে পথটা অনেক কঠিন। অলিভার-জিমিদের সেটিও অজানা নয়।
কোন দল কোন গ্রুপে
গ্রুপ ‘এ’
বাংলাদেশ, মালয়েশিয়া, ওমান, ফিজি
গ্রুপ ‘বি’
মিসর, চীন, ঘানা, শ্রীলঙ্কা
গ্রুপ পর্বে বাংলাদেশ
৪ মার্চ
প্রতিপক্ষ মালয়েশিয়া
৫ মার্চ
প্রতিপক্ষ ফিজি
৭ মার্চ
প্রতিপক্ষ ওমান
মওলানা ভাসানী স্টেডিয়ামে তিনটি ম্যাচই শুরু বিকেল ৪টায়