মাঠের বাইরেও ভালো নেই বাংলাদেশ দল
কোথাও শান্তি পাচ্ছে না বাংলাদেশ দল—না মাঠে, না মাঠের বাইরে। হারারের মাঠে তাদের জ্বালিয়ে মেরেছেন ব্রায়ান ভিটরি। মাঠের বাইরে সে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এয়ার জিম্বাবুয়ে!বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ১ আগস্ট থেকে পাইলটদের ডাকা ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে এয়ার জিম্বাবুয়ের ফ্লাইট-সূচি। বাংলাদেশ দল কাল হারারে থেকে বুলাওয়ে এল তাই বাসে, প্রায় ছয় ঘণ্টার সড়কপথ পাড়ি দিয়ে। বুলাওয়ে থেকে দেশে ফিরবে কীভাবে, সে প্রশ্নের উত্তর আপাতত জানা যাচ্ছে না। এ ব্যাপারে কাল বিসিবিতে যোগাযোগ করেও শোনা যায়নি নিশ্চিত কিছু।বাংলাদেশ দল যখন জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ে, এয়ার জিম্বাবুয়ের ধর্মঘট তখনো শুরু হয়নি। হারারেতে প্রথম তিন ওয়ানডের পর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সাকিব আল হাসানদের তাই বিমানেই বুলাওয়ে যাওয়ার কথা। সিরিজ শেষে সেখান থেকে জোহানেসবার্গ-দোহা হয়ে ঢাকা, কিন্তু ধর্মঘট সবকিছুই অনিশ্চিত করে দিয়েছে। কাল তাই স্থানীয় সময় সকাল ১০টায় হারারের হোটেল থেকে বাসে উঠেছে দল। বিকেল সাড়ে তিনটার দিকে পৌঁছেছে বুলাওয়েতে।এমনিতে বুলাওয়ে এলে সবার আকর্ষণ থাকে ভিক্টোরিয়া প্রপাতের দিকে। সড়কপথে চার-পাঁচ ঘণ্টার দূরত্ব। এত কাছে এসে পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত না দেখে যেতে চায় না কেউ। কিন্তু বাংলাদেশ দলের জন্য পরিস্থিতিটা এবার ভিন্ন। তাদের পারফরম্যান্সের গ্রাফটাই যে নেমে গেছে তলানিতে! জলপ্রপাতের জল কোথা থেকে কোথায় গড়িয়ে পড়ছে, সেটা দেখতে যাওয়ার মনমানসিকতা কারও থাকার কথা নয়। জিম্বাবুয়ে-জাম্বিয়াকে ভাগ করে দেওয়া এ প্রাকৃতিক সৌন্দর্য থেকে উঠে আসা রংধনুর কী সামর্থ্য বিবর্ণ বাংলাদেশকে আলোয় ভরানোর!কিন্তু বাংলাদেশ হয়তো ভিক্টোরিয়া প্রপাতে যাবে। না, জলপ্রপাত দেখতে নয়। এয়ার জিম্বাবুয়ের পাইলটদের ওই ধর্মঘটই শেষ পর্যন্ত তাদের বাধ্য করতে পারে এ ‘সফরে’। আগামীকাল ও ২১ আগস্ট হওয়া শেষ দুটি ওয়ানডের পরও যদি ধর্মঘট চলতে থাকে, বুলাওয়ে থেকে সরাসরি জোহানেসবার্গ যেতে পারবে না দল। এয়ার জিম্বাবুয়ে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকান এয়ারলাইন্সে করে তখন যেতে হবে ভিক্টোরিয়া প্রপাতে, সেখান থেকে জোহানেসবার্গ। তাও আবার একসঙ্গে সবার সিট হয়তো মিলবে না। বুলাওয়ে-ভিক্টোরিয়া প্রপাত ভ্রমণটা হতে পারে ভাগে ভাগে। দক্ষিণ আফ্রিকান এয়ারলাইন্সে অবশ্য বুলাওয়ে থেকে সরাসরিই যাওয়া যায় জোহানেসবার্গে। কিন্তু হঠাৎ করে চাইলেই তো আর এত টিকিট পাওয়া যায় না!বিমানের এ জটিলতার আগে অবশ্য কাল হোটেলে পৌঁছেই মৃদু ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। বুলাওয়েতে আন্তর্জাতিক দল থাকার মতো মানসম্মত হোটেল দুটি—হলিডে ইন ও রেইনবো টাওয়ার। এর আগে বাংলাদেশ দল হলিডে ইনে থেকে গেলেও এবার তাদের ঠিকানা অপেক্ষাকৃত ছোট, অপরিসর ও কম সুযোগ-সুবিধাসম্পন্ন রেইনবো টাওয়ার।দেখা যাক, এতে ভাগ্য বদলায় কি না দলটার। হারারেতে ভালো থেকেও তো ভালো খেলতে পারেনি। বুলাওয়েতে এত ঝক্কি আর দুশ্চিন্তার মধ্যেই যদি একটু ভালো খেলা যায়, অন্তত দুটি জয় নিয়ে ফেরা যায় দেশে, নিদেনপক্ষে বাঁচানো যায় ধবলধোলাইটা...?