মাঠের বাইরেও মুশফিকের জবাব
বিস্ময়-পাল্টা বিস্ময়ে শেষ হলো চট্টগ্রাম টেস্ট। বিস্ময় ‘উপহার’ দিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। পাল্টা বিস্ময় মুশফিকুর রহিম।
মুশফিকের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই দরজায় টিম ম্যানেজারসহ ম্যাথুস। খুব ভালো হতো মুশফিক যদি তখন বেরিয়ে না গিয়ে পেছনে বসে ম্যাথুসের কথাগুলো শুনতেন। জমাট এক বিতর্ক প্রতিযোগিতাই হয়ে যেত কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
মুশফিক বেরিয়ে গিয়ে দলের অন্যদের সঙ্গে ফুটবল খেলায় যোগ দিলেন। ম্যাথুস তাঁর সংবাদ সম্মেলনে ওই সময়টাতেই বলছিলেন, বাংলাদেশের খেলার ধরন দেখে তিনি বিস্মিত। বাংলাদেশ দল জয়ের চেষ্টা না করে কেন ড্রয়ের চিন্তায় গেল, সেটি তাঁর মাথায় ঢুকছে না।
ফুটবল খেলা শেষে ম্যাথুসের ‘বিস্ময়’টা তুলে ধরা হলো বাংলাদেশ অধিনায়কের কাছে। মুশফিক পাল্টা বিস্ময় প্রকাশ করলেন।
* ম্যাথুস বললেন, আপনারা জেতার চেষ্টা না করায় তিনি অবাক হয়েছেন...
মুশফিকুর রহিম: (একটু বিরক্ত হয়ে) আমিও তো সারপ্রাইজড। কাল (পরশু) বিকেলে ওরা (শ্রীলঙ্কা) যে আমাদের মাত্র ৮ ওভার খেলাল! আমি অধিনায়ক হলে তো কমপক্ষে ২০ ওভার খেলাতাম। আমি তো সাড়ে তিন শ বা পৌনে চার শ রান হলেই ইনিংস ছেড়ে দিতাম।
* শ্রীলঙ্কান অধিনায়ক বলেছেন, চট্টগ্রামের উইকেটটা স্পোর্টিং ছিল না। খুব বেশি ব্যাটিং উইকেট...
মুশফিক: আমার মনে হয় ভালো ব্যাটিং করলে ক্রেডিট কখনো আমাদের হয় না। সেদিক থেকে বলব যে ওরা শুধু বোলিংই করেছে, কিন্তু আমার কাছে মনে হয়নি এই টেস্টে ওরা আমাদের ২০ উইকেট নেওয়ার মতো বল করেছে।
* তিনি এমনও বলেছেন, ১-০ তে হারা আর ২-০ তে হারা একই কথা।
মুশফিক: ওদের কাছে হয়তো একই কথা। আমাদের কাছে ভালো লেগেছে। আমি তো এই ড্রতেও হতাশ। প্রথম টেস্টে ভালো খেললে সিরিজটা আরও ভালো হতে পারত।
আঙুলের চোটের কারণে টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডে সিরিজের দলে ফেরার ব্যাপারে আশাবাদী মুশফিক। ম্যাথুসের সঙ্গে তখন আবার দেখা হবে বাংলাদেশ অধিনায়কের। মুশফিক নিশ্চয়ই তখন জয়ের ধাক্কায় শ্রীলঙ্কান অধিনায়ককে আরও কিছু বিস্ময় উপহার দিতে চাইবেন। সিরিজ নিয়ে একটু তৃপ্ত হতে বাংলাদেশ অধিনায়কের জন্য সেটি জরুরিও। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্র করলেও ঢাকা টেস্টের বিশাল হারটা যে কাঁটা হয়ে বিঁধছে! এই সিরিজে ১-০ তে হার, গত শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টটা ড্র করে হার একই ব্যবধানে। দুটির মধ্যে এবারেরটাই বেশি হতাশার মুশফিকের কাছে, ‘এই টেস্টটাই হতাশাজনক। নিজেদের মাঠে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। প্রথম টেস্টে হারার মতো খেলেছি বলেই হেরেছি। কিন্তু হারারও তো একটা ধরন থাকে...!’
না বৃষ্টিভেজা, না কুয়াশামোড়া দিন। চট্টগ্রাম টেস্টটা বাংলাদেশ দল খেলেই ড্র করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে এমন ড্র নিশ্চয়ই জয়ের সমান। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতেই শুধরে দিলেন অধিনায়ক, ‘জয়ের সমান হয়তো না...।’ তবে ব্যাটসম্যানদের প্রশংসা বৃষ্টিতে ভিজিয়ে বললেন, ‘আমি যত দিন ধরে খেলছি, সম্ভবত এই প্রথম দেখলাম আমাদের ব্যাটসম্যানরা এত কমিটমেন্ট নিয়ে খেলছে। ইমরুল-সাকিব-মুমিনুল সবাই যেভাবে ক্রিজে থাকার চেষ্টা করেছে; আমার মনে হয় এটা আমাদের ওয়ান অব দ্য ডমিনেটিং ড্র।’ প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারতে হওয়ায় চট্টগ্রামে এমনিতেই চাপে ছিল দল। সে চাপ কাটিয়ে ওঠাও অধিনায়কের প্রাপ্তির খাতায়। সঙ্গে ঢাকার ভুল শোধরানোর ব্যাপারগুলো তো থাকছেই, ‘প্রথম টেস্টে আমরা যেভাবে আউট হচ্ছিলাম, টেস্ট ক্রিকেটে অন্তত সেভাবে আউট হওয়া উচিত নয়। সে জায়গাতে উন্নতি করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো দিক।’
তামিম-শামসুর ভালো শুরু করলেও কাল প্রথম সেশনেই দুই ওপেনারের বিদায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল অধিনায়কের। তবে আস্থা হারাননি ব্যাটসম্যানদের ওপর থেকে, ‘বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে স্পিনাররা ভালো বল করছিল। উইকেট খুব একটা মসৃণ ছিল না; সে জন্য উদ্বিগ্ন ছিলাম। লাঞ্চের আগের সময়টায়ও চিন্তায় ছিলাম। তবে বিশ্বাস ছিল, একটা জুটি হলেই কাজটা আর কঠিন হবে না।’
অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন ব্যাটসম্যানরা। সে জন্য মাঠ থেকে ফেরার পথে টিম বাসে মুশফিক ধন্যবাদ দিলেন তাদের। স্বাগত জানালেন টি-টোয়েন্টি দলে যোগ দেওয়া খেলোয়াড়দেরও। এরপর ফিরেছেন হোটেলে, ঢাকায় উড়াল দেবেন আজ সকালে। আঙুলে চোট নিয়ে টি-টোয়েন্টি ম্যাচ দুটি হয়তো খেলা হবে না। তবে দলের জন্য তাঁর শুভকামনা অবশ্যই থাকবে।