মাঠের বাইরের শারাপোভা
মারিয়া শারাপোভা মানেই বাড়তি আকর্ষণ। এই সত্য গ্যালারির দর্শক ছাপিয়ে আরও বড় পরিসরে। মাঠের পারফরম্যান্স যেমনই হোক—বিশ্বের তাবৎ টেনিস দর্শকের মতো বিভিন্ন সাময়িকীর কাছেও তিনি ‘হট কেক’। সম্প্রতি শেপ-এর প্রচ্ছদে এসেছেন। তাঁর একটি সাক্ষাৎকারও ছেপেছে সাময়িকীটি। সেই সাক্ষাৎকারের চৌম্বক অংশ তুলে দেওয়া হলো আপনি তো টেনিস খেলছেন ২২ বছর ধরে...মারিয়া শারাপোভা: আমি জানি। মাত্র চার বছর বয়সেই আমার খেলা শুরু। তবে ওই বয়সে কারও পক্ষেই প্রতিদিন খেলা সম্ভব নয়। সাত বছর বয়স পর্যন্ত ওইভাবে চলার পর রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। সেখানেই টেনিসটাকে নিই গুরুত্বসহকারে এবং অনুশীলনে কাটাই ঘণ্টার পর ঘণ্টা। এখনো খেলতে ভালোবাসেন?শারাপোভা: খেলাধুলার প্রতি সব সময়ই আকর্ষণ ছিল আমার। এখানে যে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা আছে, সেটা সব সময়ই ভালো লাগে আমার। কঠিন প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করি আর জয়ের জন্য সর্বস্ব উজাড় করে খেলি। খেলার সময় যেভাবে চিৎকার করেন, সর্বস্ব দিয়েই খেলছেন বলে মনে হয়। জানেন কি, বিখ্যাত হয়ে যাওয়া সেই চিৎকার নিয়ে ‘স্ক্রামাপোভা’ নামে একটি রিংটোনই বেরিয়েছে?শারাপোভা: (হেসে) না, জানি না তো! মজার ব্যাপার!* চিৎকার করা ছাড়া একটা বলও কি খেলতে পারেন না আপনি?শারাপোভা: সম্ভবত না। ছোটবেলা থেকেই এমনটা করে আসছি আমি। এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। খেলার সময় এ নিয়ে আমি একটুও ভাবি না। খাওয়া-দাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ মেনে চলেন?শারাপোভা: ময়দা দিয়ে তৈরি নয় এমন খাবারই আমার পছন্দ। খাওয়া-দাওয়ার ব্যাপারে আমি রক্ষণশীল নই। তবে যখন একটা সীমারেখা আপনি মেনে চলেন, তাতে এই সচেতনতাটা থাকে—কী খাচ্ছি আমি। যখন খেলাধুলা থাকে না, কী করেন?শারাপোভা: ভ্রমণ আমার খুব পছন্দ। নতুন নতুন শহর খুঁজে বেড়াই। খেলা থাকলে নানা দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ হয় না। কারণ, দুই ম্যাচের মধ্যে যে ফাঁকা সময়টা পাই, সে সময়ে নির্ভার থাকার চেষ্টা করি। তাই হোটেলেই থাকি। রুমেই খাওয়া-দাওয়া সারি, ছবি দেখি এবং নিজের জার্নালের জন্য লেখালেখি করি। ইংলিশ না রুশ, কোন ভাষায় লেখেন?শারাপোভা: ইংরেজিতে। যখন লিখি আমার মনে হয় এটা অনেক মানুষই পড়বে, তাই ইংরেজিতেই লেখা উচিত। একদিন বই লিখব বলে ইচ্ছা আছে আমার। প্রায় সময়ই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাকে—কীভাবে আমি এতদূর উঠে এসেছি। নতুন প্রজন্মকে আমার গল্পটা জানাতে চাই। এখন ২৬ চলছে আপনার। এই বয়সটা আসলে ক্যারিয়ারের পড়তি সময়। খেলার বয়সটা বেড়ে যাচ্ছে ভেবে কি চিন্তিত আপনি?শারাপোভা: যখন আমার ১৭ বছর বয়স ছিল, যদি বলতেন আরও ১০ বছর খেলতে পারব আমি, তখন বলতাম ‘ওয়াও, কত লম্বা সময়!’ কিন্তু এখনো আমি খেলে চলেছি এবং এটা চালিয়ে যেতে প্রেরণার কমতি নেই আমার। যদি কোনো কিছু উপভোগ করেন আপনি এবং সেটা ভালোভাবে করার শারীরিক সক্ষমতা থাকে আপনার, যেটা সব খেলারই মূল বিষয়—বছরের পর বছর খেলে যেতে পারেন। একদিন নিশ্চয়ই সন্তানের মা হবেন। আপনি কি চাইবেন আপনার সন্তান টেনিস খেলোয়াড় হোক?শারাপোভা: বাধ্যবাধকতা থাকবে না। টেনিস খেলাটা বেশ কষ্টসাধ্য। কিন্তু তারা যদি টেনিসে আসতে চায়, অবশ্যই আমি আমার অভিজ্ঞতা দিয়ে তাদের পথ দেখাব। বাচ্চাদের জন্য আপনার পরামর্শ কী?শারাপোভা: সাফল্য খুঁজে নিতে হবে তোমাকেই, অন্য কেউ খুঁজে দেবে না। উঠতি বয়সে অবশ্যই কিছু খেলোয়াড়ের ভক্ত ছিলাম আমি। কিন্তু আমি নির্দিষ্ট কারও মতো হতে চাইনি। তাই যখনই বাচ্চারা বলে, তারা আমার মতো হতে চায়, আমি তাদের বলি, ‘না, তোমাকে আমার চেয়েও ভালো হতে হবে।’