মাঠের বাইরের শোরগোলে কান দিচ্ছেন না মার্টিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ড মার্টিনো
জেরার্ড মার্টিনো

নেইমারের চুক্তির টাকার অঙ্কের গোপনীয়তা নিয়ে সম্প্রতি বার্সেলোনা সভাপতির চেয়ার ছাড়তে হয়েছে সান্দ্রো রোসেলকে। এ নিয়ে রীতিমতো তোলপাড় ফুটবল বিশ্ব। এ প্রসঙ্গে শনিবার সংবাদ সম্মেলনে নিজের ভাবনা পরিষ্কার করলেন বার্সা কোচ জেরার্ড মার্টিনো।
সাংবাদিকদের জানালেন, ‘রোসেলের সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা কেবল খেলার দিকেই মনোযোগ দেব, যা আমাদের প্রভাবিত করতে পারে। সময়টা ভালো নয়। এ মুহূর্তে প্রয়োজন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকা।’ লা লিগায় রিয়ালের কাছে শীর্ষস্থান হারাতে হয়েছে। লিগের সর্বশেষ দুটি ম্যাচে ড্র করেছে কাতালানরা। আজ রাতে মালাগার বিপক্ষে না জিততে পারলে পয়েন্ট টেবিলে তিনে নেমে যাওয়ার শঙ্কা চোখ রাঙানি দিচ্ছে। এ পরিস্থিতিতে মার্টিনো বললেন, ‘এমন খবর (নেইমার-বিতর্ক) শোনা মোটেও সুখপ্রদ নয়। চেষ্টা করব প্রাণপণে সব ভুলে যেতে। স্কোয়াড তার প্রফুল্লতা ধরে রাখবে, খেই হারাবে না কিছুতেই। ফুটবলের মাধ্যমেই আমাদের সবকিছুর জবাব দিতে হবে।’
যেহেতু সমস্যার সূত্রপাত নেইমারকে ঘিরে, ফলে কাতালান কোচকে কথা বলতে হলো ব্রাজিলীয় সেনসেশনকে নিয়েও। বললেন, ‘মনে করি না এ ঘটনা নেইমারের ফেরা কিংবা তার পারফরম্যান্সের ওপর কোনো প্রভাব ফেলবে। সব সময়ই সে আমার কাছে একই রকম।’ ওয়েবসাইট ।