মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে এম মুবিন
কে এম মুবিন

গ্র্যান্ড স্ট্যান্ডের রেলিং ধরে দাঁড়িয়ে ছেলেটা। দৃষ্টি ওয়ার্মআপে ব্যস্ত ক্রিকেটারদের দিকে। ওয়ার্মআপ সেরে ক্রিকেটাররা ড্রেসিংরুমের দিকে চলে যেতেই উঠে এসে বসে পড়ল নিজের আসনে। কে এম মুবিন। ন্যাশনাল আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র কে এম মুবিন থাকে খিলগাঁওতে। খালাতো ভাইয়ের হাত ধরে কাল শেরেবাংলা স্টেডিয়ামে। টিকিট কাটা ছিল না। তাতে সমস্যা কী? বিসিবির টিকিট তো কালোবাজারিদের হাতেই থাকে! এক হাজার টাকার টিকিটের দাম পড়েছে তিন হাজার টাকা। তা টেলিভিশনে খেলা না দেখে এত ঝামেলা করে মাঠে খেলা দেখার দরকারটা কী? মুবিনের সপ্রতিভ উত্তর, ‘মাঠেরটা রিয়াল...আসল।’ এই ‘রিয়ালি’টির স্বাদ পেতে এর আগেও মিরপুরের গ্যালারিতে এসেছে সে, ‘বিপিএলের দুটি ম্যাচ দেখেছি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও মাঠে এসেছি।’ বাংলাদেশের এই বয়সী বেশির ভাগ ছেলেরই প্রিয় ক্রিকেটার সাকিব। প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞেস করতেই পাশ থেকে খালাতো ভাইয়েরও পরামর্শ, ‘সাকিবের নাম বল।’ মুবিনের উত্তরটা অবশ্য বয়সের সঙ্গে বেমানান রকম পরিণত, ‘যখন যে ফর্মে থাকে। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ...। বোলিং ভালো লাগে রুবেল আর মাশরাফির।’ তিলোত্তমা ঢাকার আর দশটা কিশোরের মতোই মুবিনের নিজের ক্রিকেটটা চারদেয়ালে ঘেরা। ক্রিকেট খেলে বাসার গ্যারেজে। কিন্তু স্বপ্নের তো কোনো সীমানা থাকে না! ‘দেখবেন এবার বাংলাদেশ জিতবে। পাকিস্তান ভালো দল, কিন্তু বাংলাদেশ আরও ভালো’—মুবিন যেন দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছে সিরিজের ফলাফল!