মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়েব মোহাম্মদ কাফি
শোয়েব মোহাম্মদ কাফি

‘সেদিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল...।’ স্মৃতিকাতর শোয়েব প্রায় ১৫ বছর আগের সেই দিনটার গল্প বলেন, ‘পরীক্ষা দিয়েই বন্ধুদের নিয়ে ছুটলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মনে হচ্ছিল ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যন্ত সুযোগ হয়নি। কিন্তু সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই, বুলবুল ভাইয়ের (আমিনুল ইসলাম) ইতিহাস গড়া সেঞ্চুরিটা মাঠে বসে দেখেছি।’ বাংলাদেশের প্রথম টেস্টটা মাঠে বসে দেখার স্মৃতি মনে করে আবেগাপ্লুত শোয়েব। প্রথম টেস্টটা দেখেছিলেন বন্ধুদের সঙ্গে, কাল ভারতের বিপক্ষে ওয়ানডে দেখতে এলেন স্ত্রীকে নিয়ে। পেশায় প্রোগ্রামার শোয়েব মোহাম্মদ কাফির বয়স মধ্য ত্রিশ। কাজ করছেন এক বহুজাতিক আইটি প্রতিষ্ঠানে। কিন্তু খেলার নেশাটা যে মারাত্মক সেটা বোঝা গেল কথা শুনেই। ভোররাতে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ দেখে সকালে উঠে অফিসে গেছেন, সেখানে দ্রুত কাজ সেরে বাসায় গিয়ে স্ত্রীকে নিয়ে আবার মিরপুরে চলে এসেছেন বাংলাদেশের খেলা দেখবেন বলে! নিজেই জানালেন, ঢাকায় বাংলাদেশের ম্যাচ থাকলে মাঠে আসতে ভুল হয় না। শেরেবাংলায় বাংলাদেশের ইনিংসটা তখন শেষের দিকে। কী মনে হয় জিতবে আজকে? বাস্তববাদী শোয়েবের জবাব, ‘রানটা আরেকটু বেশি হলে মনে হয় ভালো হতো। ভারতের ব্যাটিং লাইনআপ, বোঝেনই তো।’