মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণ মুং
বর্ণ মুং

সেই দুপুরে বাসা থেকে কিছু একটা খেয়ে বের হয়েছিল বর্ণ। বিকেল গড়াতেই আবার খিদে পেয়েছে। ছেলেকে নিয়ে বাবা এলেন গ্যালারির পেছনে খাবারের দোকানগুলোয়। বর্ণ মুংয়ের অবশ্য খাওয়ার দিকে মনোযোগ কমই। বাবাকে তাড়া দিচ্ছে, ‘বাবা জলদি করো না, খেলা মিস হয়ে যাচ্ছে তো।’
১০ বছরের বর্ণ মুং পড়ছে জোয়ার সাহারায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের পঞ্চম শ্রেণিতে। থাকে বারিধারা ডিওএইচএসে। প্রিয় খেলোয়াড় কে—জিজ্ঞেস করতেই মুস্তাফিজের নাম বলল। পাশে দাঁড়ানো বাবা ম্যালকম মুং বিস্মিত, ‘আরে, এত দিন না তুমি বলতে সাকিব প্রিয় খেলোয়াড়!’
‘সে তো আগে ছিল, এখন মুস্তাফিজ’—বর্ণের সপ্রভিত জবাব। প্রথমবার মাঠে এলে? জিজ্ঞেস করতেই বর্ণ আঙুলে গুনে গুনে জবাব দিল, ‘না, এটাসহ ৮ বার হলো।’ পাশ থেকে দারুণ তথ্যটা দিলেন বাবা, ‘এর আগে যে ৭টা ম্যাচে ও মাঠে এসে দেখেছে, একটিতেও বাংলাদেশ হারেনি।’ মাঠে বসে দেখেছে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে আর পাকিস্তানের সঙ্গে সাকিব-মুশফিকদের জয়। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের সাক্ষীও সে। আজও তো তাহলে বাংলাদেশ জিতে যাবে? জবাবে বর্ণ যে হাসিটা দিল তার অর্থ, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি!