মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাশিরউদ্দিন আহমেদ
বাশিরউদ্দিন আহমেদ

পাশে বসা দুই তরুণকে বারবার জিজ্ঞেস করছেন, ‘কত রান হলো?’ স্কোরবোর্ডের ‘ছোট লেখা’ ভালোভাবে দেখেন না বাশিরউদ্দিন আহমেদ। ৭৮ বছর বয়সটা তাঁর দৃষ্টিশক্তি কমাতে পারলেও মনের শক্তি অবশ্য অটুটই। কলেজশিক্ষিকা মেয়ে এবং দুই নাতি এসেছেন মাঠে। এঁরাই কাল প্রথম মিরপুরের ক্রিকেটমঞ্চে এনে হাজির করলেন তাঁকে। মাঠে আসার রোমাঞ্চটা টের পেয়ে মহাখুশি কৃষি মন্ত্রণালয়ে অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা। খুশিটা আরও বেড়ে যাচ্ছিল সাকিবকে ব্যাট করতে দেখে, ‘সাকিবের খেলা ভালো লাগে বেশি। ওকে আজ দেখতে পেলাম, দারুণ লাগছে।’ একটু অন্তর্মুখী স্বভাবের, ‘ভয়ে’ ছিলেন তাঁকে না আবার টিভিতে দেখিয়ে ফেলে! ‘কী দরকার বাবা ওসব, আমি নিরিবিলি থাকতে পছন্দ করি।’ পত্রিকায় তাঁকে নিয়ে লেখা হবে শুনেও একটু যেন বিব্রত। পাশের দুই তরুণ ‘মাঠের মুখ’ কলামটা সম্পর্কে জানেন বলে হাসতে হাসতে অভয় দিলেন, ‘সমস্যা নেই চাচা। কথা বলেন...কথা বলেন...।’ কথা বলতে বলতেই ঝরাপাতার মতো ঝরতে শুরু করল বাংলাদেশের উইকেট। বাশিরউদ্দিনের মুখে ফুটে বেরোল আক্ষেপটা। মিরপুরে দর্শক হিসেবে তাঁর অভিষেকটা জয়ের আনন্দে উদ্ভাসিত হচ্ছে না।